২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামাকে বুশের সঙ্গে তুলনা করলেন আহমাদিনেজাদ

ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার পূর্বসূরির মতোই আচরণ করছেন বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ইরানের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের নাক গলানোর জন্য তিনি ওবামাকে ক্ষমা চাইতেও বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 10:48 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

তেহরান, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার পূর্বসূরির মতোই আচরণ করছেন বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ইরানের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের নাক গলানোর জন্য তিনি ওবামাকে ক্ষমা চাইতেও বলেছেন। বারাক ওবামা ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানকারীদের যেভাবে দমন করা হয়েছে তাতে 'ক্ষুব্ধ ও মর্মাহত' বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। আহমাদিনেজাদ আধাসরকারি ফার্স সংবাদ সংস্থাকে বলেন, "মি. ওবামা এসব বলে ভুল করেছেন। আমাদের প্রশ্ন কেন তিনি তার পূর্বসূরি বুশ যা বলতেন সেরকম কথা বলে ফাঁদে পা দিচ্ছেন।" তিনি আরও বলেন," আমি আশা করব আপনি ইরানের বিষয় নিয়ে অনধিকার চর্চা এড়িয়ে চলবেন এবং ইরানি জাতি বুঝতে সক্ষম এমনভাবে আপনার অনুতাপ প্রকাশ করুন।" ইরানের সংস্কারবাদী নেতারা অবশ্য নির্বাচনের ফলাফল মেনে না নিয়ে আইনি লড়াই চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। বিরোধী দলের নেতা মীরহোসেন মুসাভির স্ত্রী জানান, ইরানি জনগণের অধিকার রক্ষার জন্য আইনি লড়াই চালিয়ে যাওয়া তাদের একটি কর্তব্যে পরিণত হয়েছে। নির্বাচন পরবর্তী বিক্ষোভে অন্তত ২০ জন প্রাণ হারায়। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর এত বড় সরকারবিরোধী কোনও প্রতিবাদ তেহরানের রাস্তায় আর দেখা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমএইচবি/১৭৫৬ ঘ.