তেহরান, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মধ্যপন্থি একদল ধর্মীয় নেতা প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে শনিবারের বিক্ষোভ-কর্মসূচির পরিকল্পনা বাতিল করেছেন। বিক্ষোভের অনুমতি না পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সময় বিকেল চারটায় ওই বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল। এর কয়েক ঘণ্টা আগে রাষ্ট্রীয় টিভি এই খবর প্রচার করল। তার কিছুক্ষণ আগে অবশ্য পরাজিত প্রার্থী মীরহোসেন মুসাভির একজন সহযোগী বিক্ষোভ করার সিদ্ধান্তে অটল থাকার ঘোষণা দিয়েছিলেন।
মেহেদি কারুবি নামের ওই সহযোগী বলেন, "বিক্ষোভের কর্মসূচি বাতিল করা হয়নি, আজ বিকেলেই তা অনুষ্ঠিত হবে।"
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদের তীব্র সমালোচনা বলেন, "আজ ইরানি জাতির শান্ত থাকা দরকার।"
তিনি বলেন, "ইরানের শত্র"রা নির্বাচনের ফলকে বিতর্কিত করে ইসলামিক দেশটির বৈধতাকেই আক্রমণের লক্ষ্যবস্তু করছে।"
খামেনি এর আগেও ইরানের জনগণকে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সমর্থনে এক হওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু মুসাভি সে আহ্বান উপেক্ষা করে এসেছেন। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিশাল বিক্ষোভ-সমাবেশ করেছে মুসাভি সমর্থকরা।
বৃহস্পতিবার মুসাভির হাজার হাজার সমর্থক কালো পোশাক পরে মোমবাতি মিছিলের মধ্য দিয়ে গত কয়েকদিনের বিক্ষোভে নিহতদের জন্য শোক পালন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৫৬ ঘ.
bdnews24