লস এঞ্জেলেস, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ককপিটের যন্ত্রপাতি থেকে ধোঁয়া বের হওয়ায় শুক্রবার ক্যালিফোর্নিয়ার গভর্নর ও সাবেক হলিউড নায়ক আর্নল্ড শোয়ার্জনেগারের বিমান দ্রুত জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
গভর্নরের কার্যালয় থেকে জানানো হয়, বিমানটিতে করে শোয়ার্জনেগার লস এঞ্জেলেসে তার বাড়ির কাছের বিমানবন্দর সানটা মনিকায় যাচ্ছিলেন। বিমানটিতে আগুন দেখা না গেলেও পাইলট ককপিটের যন্ত্রপাতি থেকে ধোঁয়া বের হতে দেখে সেটিকে ঘুরিয়ে লস এঞ্জেলেসেই ভ্যান নুইয়াস বিমানবন্দরে অবতরণ করান। ১০ মিনিট পরে বিমানটির সানটা মনিকায় পৌঁছানোর কথা ছিল।
দমকলবাহিনীর কর্মীরা দ্রুত ছুটে গিয়ে রানওয়েতেই বিমানটি পরীক্ষা করে।
শোয়ার্জনেগারের মুখপাত্র আরন ম্যাকলিয়ার বলেন, "অবতরণের পর গভর্নর বিমান থেকে নেমে নিজ বাড়ির উদ্দেশে রওয়ানা হয়ে যান। বিমানের ক্রুরা খুবই দক্ষতার পরিচয় দিয়েছেন এবং সব আরোহী নিরাপদে ও অক্ষত অবস্থায় নেমে আসতে পেরেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬০৫ ঘ.
bdnews24