তেহরান, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে বিতর্কিত নির্বাচন নিয়ে সহিংস বিক্ষোভ প্রতিবাদের পর জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার জুমার নামাজের সময় রাজধানী তেহরানে তিনি এ ভাষণ দেবেন। নির্বাচনে পরাজিত প্রার্থী মীরহোসেন মুসাভি সমর্থকদের ছয়দিনব্যাপী বিক্ষোভ সমাবেশের পর জনসম্মুখে এটাই আয়াতুল্লাহর প্রথম ভাষণ।
খামেনির ভাষণ শুনতে তেহরান বিশ্ববিদ্যালয়ে সমবেত হয়েছে হাজার হাজার মানুষ। তাদের কারো কারো গায়ে ইরানের পতাকা জড়ানো, হাতে আহমাদিনেজাদের ছবি। আবারও কারো হাতে আছে পশ্চিমা-বিরোধী স্লোগান লেখা কাগজ।
ইরানে নির্বাচন পরবর্তী সহিংসতা নিয়ে আন্তর্জাতিক সমালোচনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে একজনের উক্তি," ইরানের ইতিহাস বিদেশিদের কলমে লেখা হতে দেওয়া হবে না।"
খামেনি ইতোমধ্যেই ইরানের জনগণকে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সমর্থনে এক হওয়ার আহ্বান জানিয়েছেন।
কিন্তু মীরহোসেন মুসাভি এ পর্যন্ত সে আহ্বান উপেক্ষা করে এসেছেন। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিশাল বিক্ষোভ-সমাবেশ করেছে মুসাভি সমর্থকরা।
বৃহস্পতিবার মুসাভির হাজার হাজার সমর্থক কালো পোশাক পরে মোমবাতি মিছিলের মধ্য দিয়ে সহিংস বিক্ষোভে নিহতদের জন্য শোক পালন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহতদের জন্য মুসাভি তার সমর্থকদের শান্তিপূর্ণ বিক্ষোভ এবং মসজিদে মসজিদে সমবেত হওয়ার আহ্বান জানানোর পর লোকজন বৃহস্পতিবার তেহরানের কেন্দ্রস্থলে ইমাম খোমেনি চত্বরে সমবেত হয়।
শোক মিছিলে সমবেত লোকজনদের হাতে ছিল 'আমাদের ভাইয়েরা কোথায়?', 'তাদের মারা হল কেন ?' লেখা ব্যানার।
ইরানের ইংরেজি ভাষার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে নির্বাচনে ফল ঘোষণার পর থেকে সহিংস বিক্ষোভে ৮ জন নিহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে শতাধিক সংস্কারবাদী। নিরাপত্তাকর্মীরা বৃহস্পতিবার বিরোধীদলীয় রাজনীতিবিদ ইব্রাহিম ইয়াজদিকেও গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৩১ ঘ.
bdnews24