জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী মীরহোসেন মুসাভির হাজার হাজার সমর্থক বৃহস্পতিবার কালো পোশাক পরে মোমবাতি মিছিলের মধ্য দিয়ে সহিংস বিক্ষোভে নিহতদের জন্য শোক পালন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহতদের জন্য মুসাভি তার সমর্থকদের শান্তিপূর্ণ বিক্ষোভ এবং মসজিদে মসজিদে সমবেত হওয়ার আহ্বান জানানোর পর লোকজন বৃহস্পতিবার তেহরানের কেন্দ্রস্থলে ইমাম খোমেনি চত্বরে সমবেত হয়।
বিক্ষোভ সহিংসতায় নিহত ও আহতদের জন্য শোক প্রকাশ করতে মুসাভি তার সমর্থকদের নির্বাচনী প্রচারাভিযানের সবুজ রংয়ের পরিবর্তে শোকের কালো রংয়ের পোশাক পরতে বলেছিলেন। শোক করতে সমবেত হওয়া লোকজনদের হাতে ছিল 'আমাদের ভাইয়েরা কোথায়?', 'তাদের মারা হল কেন ?' লেখা ব্যানার।
ইরানের ইংরেজি ভাষার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে নির্বাচনে ফল ঘোষণার পর থেকে সহিংস বিক্ষোভে ৮ জন নিহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে শতাধিক সংস্কারবাদী। নিরাপত্তাকর্মীরা বৃহস্পতিবার বিরোধীদলীয় রাজনীতিবিদ ইব্রাহিম ইয়াজদিকেও গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৫ ঘ.
bdnews24