প্যারিস, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আটলান্টিকে দু'সপ্তাহ আগে কী কারণে এয়ার ফ্রান্সের বিমানটি বিধ্বস্ত হয়েছিল তার নতুন কোনো তথ্য নেই ফরাসি তদন্ত দলের কাছে। ফ্রান্সের তদন্তকারী সংস্থার প্রধান বুধবার একথা বলেছেন।
প্যারিসে এক সংবাদ সম্মেলনে পল-লুই আরসালিয়াঁ আটলান্টিকে বিমানটির ধ্বংসাবশেষ ও মৃৃতদেহ সন্ধান অব্যাহত থাকার তথ্য জানিয়ে এ ব্যাপারে সবাইকে "আরও ধৈর্যের" পরিচয় দেওয়া আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েকদিনে বিমানটির ধ্বংসের ব্যাপারে আরও তথ্য পাওয়া যাবে।
এয়ার ফ্রান্সের এয়ারবাস এ৩৩০ বিমানটি গত ১ জুন ব্রাজিল থেকে ফ্রান্সে যাওয়ার সময় আটলান্টিক মহাসাগরে বিধ্বস্ত হয়। এয়ার ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ওই দুর্ঘটনায় ২২৮ জন আরোহীর সবাই নিহত হয়েছে।
তদন্তকারী সংস্থা এখন পর্যন্ত বলেছে, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটির পাঠানো উপাত্তে শুধু এটুকুই জানা গেছে যে, এর গতিমাপক সেন্সর অনির্ভরযোগ্য তথ্য দেখাচ্ছিল। তবে তদন্তকারীরা বলেছেন, ঝড়োহাওয়ার মধ্যে শেষপর্যন্ত ওই কারণেই বিমানটি ধ্বংস হয়েছিল কিনা তা এখনই বলা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭১৭ ঘ.
bdnews24