তেহরান, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী মীরহোসেন মুসাভি তার সমর্থকদের শান্তিপূর্ণ বিক্ষোভে যোগ দেওয়া কিংবা নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহতদের জন্য শোক প্রকাশ করতে বৃহস্পতিবার মসজিদে মসজিদে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন।
তেহরানের কেন্দ্রস্থলে সোমবার বিরোধীদের বিশাল বিক্ষোভ সমাবেশে সহিংসতায় ৭ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।
মুসাভি তার ওয়েবসাইটে বলেছেন, "অতীত দিনগুলোতে ঘটে যাওয়া ঘটনাবলী এবং প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে বিক্ষোভকারী জনতার সঙ্গে অবৈধ এবং সহিংস সংঘর্ষের পরিণতিতে দেশের বেশ কয়েকজন নাগরিক আহত এবং শহীদ হয়েছে।"
আমি জনগণকে নিহতদের পরিবারের সঙ্গে একত্মতা প্রকাশের জন্য মসজিদে একত্রিত হওয়া কিংবা শান্তিপূর্ণ বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।"
মুসাভি নিজেও বৃহস্পতিবার শোকদিবস পালন করবেন বলে জানান। তবে কখন এবং কোথায় সে ব্যাপারে বিবৃতিতে বিস্তারিত কিছু বলা হয়নি।
মুসাভির সমর্থকরা এর আগে বুধবারও তেহরানে বিক্ষোভ করার সংকল্প ব্যক্ত করে। শুক্রবারের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার পর মুসাভি ফলাফল প্রত্যাখ্যান করায় গত চারদিন তেহরানে সহিংসতাপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এরকম সরকারবিরোধী বিক্ষোভ আর হয়নি।
ইরানের কর্তৃপক্ষ আংশিক ভোট পুনর্গণনা করতে প্রস্তুত বলে ঘোষণা দেওয়া সত্ত্বেও মুসাভির সমর্থকরা বিক্ষোভ চালিয়ে যাওয়ায় অনড় রয়েছে।
নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে বিপুল ভোটে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে অনিয়মের অভিযোগ করে মুসাভি ও আরেক পরাজিত প্রার্থী মেহেদি কারুবি বলেছেন, তারা নতুন করে নির্বাচন চান, ভোটের আংশিক পুনর্গণনা চান না।
ইরানের সর্বোচ্চ আইনি সংস্থা গার্ডিয়ান কাউন্সিল মঙ্গলবার ফলাফল বাতিলের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছে, তারা কিছু ব্যালট বাক্সের ভোট পুনরায় গণনা করতে তারা প্রস্তুত।
বিক্ষোভ আন্দোলনের মুখে ১২ সদস্যের গার্ডিয়ান কাউন্সিল বলেছে, "কয়েকজন প্রার্থী যেসব ব্যালট বাক্স নিয়ে প্রশ্ন তুলেছেন সেগুলোর ভোট তাদের প্রতিনিধিদের সামনে পুনরায় গণনা করতে প্রস্তুত কাউন্সিল।"
কাউন্সিলের মুখপাত্র আব্বাসলি কাদখোদাইর উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বলেছে, "পুণর্গণনার পর কিছু হিসাবের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতেও পারে।"
তেহরানে সোমবার মীরহোসেন মুসাভির প্রতিবাদ সমাবেশস্থলের কাছে ৭ ব্যক্তির নিহত হওয়ার কথা জানায় ইরানের একটি রাষ্ট্রীয় টেলিভিশন। কিভাবে ওই ৭ ব্যক্তির মৃত্যু হল তার বিস্তারিত জানায়নি টেলিভিশনটি।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। ইসলামি মিলিশিয়া এবং পুলিশ এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে তারা।
এক ছাত্র মঙ্গলবার রয়টার্সকে জানিয়েছে, সহিংসতায় ৪ ছাত্র নিহত হয়েছে।তবে তেহরান বিশ্ববিদ্যালয় কোনও ছাত্র নিহত হওয়ার কথা অস্বীকার করেছে।
ইরানের প্রভাবশালী পার্লামেন্ট স্পিকার আলি লারিজানি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলার নিন্দা জানানোর একদিন পর স্বরাষ্ট্রমন্ত্রণালয় হামলার ঘটনা তদন্তের ওই নির্দেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৭ ঘ.
bdnews24