তেহরান, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের প্রেসিডেন্ট নির্বাচন তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার আশা করা হচ্ছে এবং শুক্রবার ইরানিরা বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদই ক্ষমতায় থাকবেন না অনেকটা মধ্যপন্থি হিসেবে পরিচিত তিন প্রতিদ্বন্দ্বীর কাউকে ক্ষমতায় বসাবেন সে রায় দেওয়া শুরু করেছেন।
তিন প্রতিদ্বন্দ্বীর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী মীরহোসেন মুসাভি প্রচারণায় এগিয়ে ছিলেন। আহমাদিনেজাদের অর্থনৈতিক নীতিমালার কট্টর সমালোচনকারী এবং পশ্চিমের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী এই নেতার পক্ষে প্রচারণার শেষ দিন হাজার হাজার ইরানি তেহরানের রাজপথে মিছিল করেছে।
নির্বাচনের ফলাফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্কের নবসূচনা হতে পারে। বিশ্লেষকরা বলছেন, মুসাভি জিতলে ইরানে পশ্চিমের বিনিয়োগ সম্ভাবনা বাড়বে।
৭ কোটি জনসংখ্যার দেশটিতে স্থানীয় সময় সকাল আটটায় ভোট শুরু হয়। ভোটারের সংখ্যা চার কোটি ৬০ লাখ। শনিবার সকাল থেকে প্রাথমিক ফলাফল পাওয়া যাবে। শুক্রবারের নির্বাচনে কোনো প্রার্থীর সুস্পষ্ট বিজয় নিশ্চিত না হলে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে ১৯ জুন পুনরায় নির্বাচন হবে।
ইরানের কর্মকর্তারা বিপুল ভোট পড়ার আশা করছেন। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশবাসীর প্রতি ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে খামেনি ভোটারদের প্রতি বলেন, "প্রত্যেকেই কেন্দ্রে গিয়ে নিজস্ব বিবেচনায় ভোট দিন।"
রাষ্ট্রীয় টেলিভিশনে তেহরানের কেন্দ্রগুলোতে ভোটদানের সরাসরি চিত্র দেখিয়ে বলা হয়, রেকর্ডসংখ্যক ভোটার ভোট দিচ্ছেন।"
সকালে রাষ্ট্রীয় বেতারে ঘোষণা দেওয়া হয়: "দেশের দশম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট নেওয়া শুরু হয়েছে।"
১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর এটি দশম প্রেসিডেন্ট নির্বাচন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩৩৪ ঘ.
bdnews24