ওয়াশিংটন, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে মে মাসে একটি লক্ষ্যবস্তুতে মার্কিনবাহিনী যেভাবে বিমান হামলা চালিয়েছিল তাতে 'সমস্যা' থাকার কথা সোমবার স্বীকার করেছে পেন্টাগন। ওই হামলায় অনেক বেসামরিক লোক হতাহত হওয়ায় তীব্র ক্ষোভে ফেটে পড়ে আফগানরা।
পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে ওই বিমান হামলার তদন্তের বিষয়ে সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের অবহিত করেন বলে জানিয়েছেন পেন্টাগনের একজন মুখপাত্র।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা পেন্টাগনের প্রেসসচিব জিয়ফ মোরেল বলেছেন, "বিমান হামলাটির কৌশল নির্ধারণ কিংবা যেভাবে তা কার্যকর করা হয়েছিল তাতে কিছু সমস্যা ছিল।"
ওই হামলার পর আফগান ও পশ্চিমা সেনাদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট হামিদ কারজাই তার দেশে মার্কিন বিমান হামলা বন্ধের আহ্বান জানান। কিন্তু ওয়াশিংটন সে আহ্বান প্রত্যাখ্যান করে।
আফগান কর্মকর্তাদের দাবি, ফারাহ প্রদেশে ওই হামলায় ১৪০ জনের মতো বেসামরিক লোক নিহত হয়েছে। মানাবাধিকার পর্যবেক্ষণকারী একটি আফগান সংস্থা মৃতের সংখ্যা ৯৭ উল্লেখ করে জানায়, এর মধ্যে তালেবান ছিল মাত্র দুজন।
তবে মার্কিন সেনাবাহিনীর দাবি, অভিযানে ৮০-৯৫ জন নিহত হয়, এরমধ্যে বেসামরিক ছিল ২০-৩৫ জন। বাকিরা ছিল তালেবান যোদ্ধা।
মোরেল জানান, একটি বি-ওয়ান বোমারু বিমান হামলা চালানোর জন্য একটি ভবন চিহ্নিত করে চলে যায়। পরে ফিরে এসে বোমা বর্ষণ করে। কিন্তু ততক্ষণ পর্যন্ত লক্ষ্যস্থল হামলার চালানোর যথার্থ অবস্থায় ছিল কীনা তা বিবেচনায় নেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২২২ ঘ.
bdnews24