রিয়াদ, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আরব-ইসরায়েল সংঘাত, ইরান ইস্যুতে কূটনৈতিক পদক্ষেপ এবং তেলের মূল্য নিয়ে বাদশা আবদুল্লাহর সঙ্গে আলোচনা করতে বুধবার সৌদি আরবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। রিয়াদে তার পদার্পনের পরপরই আল জাজিরা টেলিভিশন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের একটি রেকর্ডিং প্রচার করেছে।
এতে ওবামাকে ভর্ৎসনা করে লাদেন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট মুসলিম বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রতি প্রতিহিংসা ও ঘৃণার বীজ বপন করেছেন। ওবামা তার পূর্বসূরি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পথই অনুসরণ করছেন উল্লেখ করে লাদেন তার বক্তব্যে হোয়াইট হাউসের নীতিমালার পরিণতি ভোগ করার জন্য মার্কিনিদের প্রস্তুত থাকতে বলেছেন।
রিয়াদের বিমানবন্দরে নেমে ওবামা বাদশাহ আবদুল্লাহর ফার্মে যান। সেখানেই দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। জর্জ ডব্লিউ বুশের ইরাক, আফগানিস্তান যুদ্ধ এবং বন্দি নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্রের ক্ষতিগ্রস্ত ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা নিয়েছেন ওবামা।
ওয়াশিংটন থেকে রওনা হওয়ার আগে এনবিসি নিউজে ওবামা বলেন, "আমি নিশ্চিত যে, আমরা এমন একটি সময় পার করছি যখন আমার মনে হয়, ইসলামিক দেশগুলো এই উপলদ্ধিতে এসেছে যে, উগ্রপন্থা মানুষের জন্য উন্নত জীবন বয়ে আনে না।"
সৌদি আরব থেকে ওবামা মিসর, জার্মানি ও ফ্রান্সে যাবেন। মিসরে তিনি মুসলিম বিশ্বের প্রতি আবেদনময় বক্তৃতা দেবেন বলে আশা করা হচ্ছে। মুসলিম বিশ্বের উদ্দেশ্যে ভাষণ দিতে কায়রো যাওয়ার আগে ওবামা আবদুল্লাহর ফার্মেই রাত কাটাবেন।
মুসলিম বিশ্বের উদ্দেশ্যে ভাষণকে প্রথম উদ্বোধনী পদক্ষেপ উল্লেখ করে ওবামা এ থেকে বেশি কিছু আশা না করার ব্যাপারে সবাইকে সতর্ক করে দেন। তিনি বলেন, একটি ভাষণেই মধ্যপ্রাচ্য এবং ইসলাম ও পশ্চিমাদের সম্পর্ককে ঘিরে জটিল বিভিন্ন ইস্যুর সমাধান বেরিয়ে আসা কিংবা নীতির পার্থক্য নতুন মোড় নিতে পারে না।
আল কায়েদার দ্বিতীয় প্রধান আইমান আল জাওয়াহিরি ইতোমধ্যেই মার্কিন প্রেসিডেন্টকে 'অপরাধী' আখ্যা দিয়ে মিশরীয়দের তার সফর প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন।
ওয়াশিংটন আশা করছে, সৌদি আরব ওপেকে মধ্যপন্থার ভূমিকা রাখবে এবং ইরানের তেলের দাম বাড়ানোয় ভূমিকা রাখা দেশগুলোকে ঠেকাতে সক্ষম হবে। গত ৭ মাসে তেলের দাম এখন সবচেয়ে বেশি যা বিশ্ব অর্থনীতির মন্দাদশা কাটিয়ে ওঠার সম্ভাবনার ক্ষেত্রে হুমকি হয়ে দেখা দিয়েছে।
ওবামা গত বৃহস্পতিবার বলেছেন, তিনি তেলের মূল্য নিয়ে বাদশা আবদুল্লার সঙ্গে আলাপ করবেন। তেলের দাম সৌদি আরবের আগ্রহে বাড়ছে না- এই কথা বলতে পারার আশা করছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২০ ঘ.
bdnews24