লন্ডন, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটিশ পার্লামেন্টের এমপিদের অর্থব্যয় কেলেঙ্কারিতে সর্বশেষ ধরা পড়লেন অর্থমন্ত্রী অ্যালিস্টাইর ডার্লিং। সোমবার তিনি ক্ষমা চেয়ে ৩৫০ পাউন্ড (৫৭৪ ডলার) পরিশোধ করতে রাজি হয়েছেন।
নিজের সম্পত্তির পেছনে অতিরিক্ত ব্যয়ের জন্য ক্ষমা চান ডার্লিং। তবে তিনি জানিয়েছেন, পদত্যাগের কোনো পরিকল্পনা তার নেই। তিনি বলেন, "এর জন্য আমি দুঃখিত। আমি অকুণ্ঠ ক্ষমা চাইছি। এমনটি ঘটা ঠিক হয়নি।"
২০০৭ সালে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর ডাউনিং স্ট্রিটে সরকারি বাসভবনে ওঠেন ডার্লিং। এ সময় তিনি এই অতিরিক্ত অর্থ ব্যয় করেন।
বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনের পর মন্ত্রিসভায় রদবদলে ডার্লিং বাদ পড়তে পারেন- এমন জল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "এটি প্রধানমন্ত্রীর বিষয়। মন্ত্রিসভায় কাদের চান সে সিদ্ধান্ত তিনিই নেবেন।"
প্রধানমন্ত্রীর কয়েকজন সহকারী জানিয়েছেন, স্কুল মন্ত্রী এ্যাড ব্যালসকে অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য তারা ব্রাউনকে আহ্বান জানিয়েছেন।
ওদিকে, বিরোধীদের একের পর এক আহ্বান সত্ত্বেও প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না।
এই কেলেঙ্কারির পর বিরোধী রক্ষণশীল দল আগাম নির্বাচন দাবি করলেও ব্রাউন জানিয়েছেন, তার দায়িত্ব এই কেলেঙ্কারি জন্য দায়ী প্রচলিত ব্যবস্থার সংস্কার এবং আগামী নির্বাচনের আগে অর্থনৈতিক দুরবস্থা থেকে দেশকে উদ্ধার করা।
দলের স্বার্থে পদত্যাগ করবেন কি-না জানতে চাইলে বিবিসি বেতারকে ব্রাউন বলেন, "প্রয়োজনীয় দায়িত্ব পালনে আমি আমার কাজ করে যাব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৫৪০ ঘ.
bdnews24