২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ সংঘাতে নিহত ৬

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত পুলিশ রোববার পশ্চিম তীরে হামাসের একটি গোপন আস্তানায় অভিযান চালালে ছয়জন নিহত হয়েছে। এদের দু'জন হামাসের কমান্ডার এবং তিনজন পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 11:39 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

পশ্চিম তীর, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত পুলিশ রোববার পশ্চিম তীরে হামাসের একটি গোপন আস্তানায় অভিযান চালালে ছয়জন নিহত হয়েছে। এদের দু'জন হামাসের কমান্ডার এবং তিনজন পুলিশ। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা কর্মকর্তারা জানান, পুলিশ পশ্চিম তীরের কালকিলিয়া শহরের একটি বাড়ি ঘিরে ফেললে বন্দুক যুদ্ধ শুরু হয়। বাড়িটিতে হামাসের একজন শীর্ষ ফিল্ড কমান্ডার মোহাম্মদ সাম্মান ও তার সহকারী মোহাম্মদ ইয়াসিন আশ্রয় নিয়েছিলেন। হামাসের এই দুই কমান্ডার ও বাড়িটির মালিক এবং তিন পুলিশ সংঘর্ষে নিহত হয়। হামাস গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর পশ্চিমের সমর্থনপুষ্ট আব্বাস ২০০৭ সালে দলটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করেন। এরপর পশ্চিম তীরে এরকম রক্তক্ষয়ী অভ্যন্তরীণ সংঘাত আর ঘটেনি। আব্বাস যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে তার ফিলিস্তিনে নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার কয়েকদিনের মধ্যে এই ঘটনা ঘটল। প্রত্যক্ষদর্শীরা জানান, সাম্মান ও ইয়াসিন আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেন। ফিলিস্তিনি নিরাপত্তাবাহিনীর মুখপাত্র আদনান দািমরি জানান, পুলিশ ওই অচলাবস্থার একটি শান্তিপূর্ণ সমাপ্তির জন্য আলোচনার চেষ্টা চালিয়েছিল। "কিন্তু নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হাজার হাজার রাউন্ড গুলি ছোড়া হয়।" তিনি আরও জানান, বাড়িটির ভিতর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৪৪ ঘ.