ইসলামাবাদ, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাইয়ে জঙ্গি হামলার ঘটনায় ভারত যে তথ্যপ্রমাণ পাঠিয়েছে তার তার ইংরেজি ভার্সান চেয়েছে পাকিস্তান। সন্দেহভাজনদের বিচারপ্রক্রিয়া শুরু করতে দলিলটির ইংরেজি অনুবাদ দরকার বলে বৃহস্পতিবার জানিয়েছেন পাকিস্তান সরকারের এক মুখপাত্র।
গত নভেম্বরে মুম্বাইয়ে জঙ্গি হামলায় ১৬৬ জন নিহত হওয়ার পরেই ভারত হামলার ষড়যন্ত্র ও হামলাকারীদের ব্যাপারে তথ্যপূর্ণ একটি দলিল পাকিস্তানকে দেয়। পাকিস্তানের আরও জিজ্ঞাসার জবাবে নয়াদিল্লি গত ২০ মে নতুন একটি দলিল হস্তান্তর করে।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আবদুল বাসিত বলেছেন, নতুন দেওয়া তথ্যাবলীর বেশিরভাগই হিন্দি বা মারাঠি ভাষায় লেখা।
বৃহস্পতিবারের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "দুর্ভাগ্যজনক হচ্ছে, বেশিরভাগ তথ্যই ইংরেজি বা উর্দু ভাষার বাইরে অন্যভাষায় লেখা।"
"তাই সন্দেহভাজনদের বিচারপ্রক্রিয়া শুরু করতে কেন দেরি হচ্ছে তা আপনারা বুঝতেই পারছেন।"
প্রসঙ্গত, উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা এবং ইংরেজি সরকারি ভাষা।
তিনি বলেন, "আমরা ভারতের প্রতি তথ্যাবলীর ইংরেজি ভার্সান দেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছি।"
পাকিস্তান মুম্বাই হামলাকারীদের মধ্যে জীবিত ধরা পড়া মোহাম্মদ আজমল কাসাবসহ আট সন্দেহভাজনের বিরুদ্ধে মামলা করেছে। দেশটির তদন্তকারীরা স্বীকার করেছেন, ওই হামলার ষড়যন্ত্রের আংশিক পাকিস্তানের মাটিতে বসে করা হয়েছে এবং কাসাব পাকিস্তানের নাগরিক।
ভারত বলে আসছে, পাকিস্তানভিত্তিক জঙ্গিরা ওই হামলা চালিয়েছে এবং পাকিস্তানি গোয়েন্দাসংস্থার কর্মকর্তারা তাদের মদদ দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/এলকিউ/১৯১৪ ঘ.
bdnews24