২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোর হামলার দায়িত্ব স্বীকার পাকিস্তানি তালেবানের

পাকিস্তানি তালেবানরা লাহোরে বুধবারের আত্মঘাতী গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানি তালেবান নেতা বাইতুল্লাহ মেহসুদের এক সহযোগী টেলিফোনে বিবিসিকে বলেন, সোয়াত উপত্যকায় সেনা অভিযানের প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে। ওই হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়। আহত হয় প্রায় ২০০ জন। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 07:37 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ইসলামাবাদ, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি) - পাকিস্তানি তালেবানরা লাহোরে বুধবারের আত্মঘাতী গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তানি তালেবান নেতা বাইতুল্লাহ মেহসুদের এক সহযোগী টেলিফোনে বিবিসিকে বলেন, সোয়াত উপত্যকায় সেনা অভিযানের প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে। ওই হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়। আহত হয় প্রায় ২০০ জন। বিবিসির কাছে নিজেকে হাকিমুল্লাহ মেহসুদ নামে পরিচয়দানকারী ওই তালেবান নেতা পাকিস্তানের অন্যান্য শহরেও একই ধরনের হামলা চালানোর হুমকি দেন। তিনি বলেন, "ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি, লাহোর ও মুলতানের বাসিন্দাদের উচিত শহর ছেড়ে চলে যাওয়া।" হাকিমুল্লাহ ওরাকজাই এবং খাইবার আদিবাসী এলাকাগুলোর তালেবান কমান্ডার। তিনি বিবিসিকে বলেন, "লাহোরে সংঘটিত ফিদাইন (আত্মঘাতী) হামলা উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে হামলার প্রতিশোধ হিসেবে চালানো হয়নি।" তিনি বলেন, "সোয়াতে চলমান সেনা অভিযানে বহু নিরপরাধ মানুষ মারা যাচ্ছে এবং মুজাহিদিনদের ওপর বোমা হামলা চালানো হচ্ছে ...এসব কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবেই এ হামলা চালানো হয়েছে।" টেলিফোনে এ হামলার দায়িত্ব স্বীকারকারী ওই ব্যক্তি আরও জানান, সোয়াতে অভিযান শুরুর প্রথম দিন থেকেই লাহোরে হামলা চালানোর পরিকল্পনা করে আসছে তালেবানরা। বিভিন্ন শহরের বাসিন্দাদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, "আমরা পাকিস্তানের জনগণকে ভালবাসি এবং এই ভালবাসার কারণেই আমরা লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি এবং মুলতানের বাসিন্দাদের শহর ছেড়ে চলে যাওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। কেননা আমরা এইসব স্থানে সরকারি স্থাপনাগুলোতে এমন হামলা চালানোর পরিকল্পনা করছি যা আগে কখনোই করা হয়নি।" বুধবার লাহোরের মল রোডের সিভিল লাইনসে হামলার লক্ষ্যস্থল ছিল বেশ কয়েকটি সরকারি ভবন। এই ভবনগুলোতে পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই এবং পুলিশের অফিস রয়েছে। শক্তিশালী গাড়ি বোমাটির বিস্ফোরণ ঘটানোর আগে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে দেখা যায় অজ্ঞাত কিছু লোককে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৬৩২ ঘ.