২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মন্ত্রিদের মধ্যে দপ্তর বণ্টন

ভারতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে শুক্রবার মন্ত্রিসভার ১৯ সদস্য শপথ নেওয়ার পর শনিবার মন্ত্রিদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। বিশ্ব অর্থনৈতিক মন্দায় আশঙ্কার চেয়েও বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের অর্থনীতি সামলানোর দায়িত্ব পেয়েছেন কংগ্রেসের অভিজ্ঞ নেতা প্রণব মুখার্র্জী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 02:37 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

নয়া দিল্লি, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে শুক্রবার মন্ত্রিসভার ১৯ সদস্য শপথ নেওয়ার পর শনিবার মন্ত্রিদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। বিশ্ব অর্থনৈতিক মন্দায় আশঙ্কার চেয়েও বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের অর্থনীতি সামলানোর দায়িত্ব পেয়েছেন কংগ্রেসের অভিজ্ঞ নেতা প্রণব মুখার্র্জী। ৭৩ বছর বয়সী প্রণব গত সরকারে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলিয়েছেন। প্রথম থেকেই তিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এবং শেষের দিকে এসে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বও তার ওপরে পড়ে এবং সফলতার সঙ্গে তিনি সে দায়িত্ব পালন করেন। শনিবার শপথ নেওয়া ১৯ মন্ত্রীর মধ্যে মাত্র দুজন আছেন কংগ্রেসের শরিক দলগুলোর। একজন শারদ পাওয়ার, অন্যজন মমতা ব্যানার্জী। শারদ পাওয়ারকে আবারও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ কে অ্যান্টনি প্রতিরক্ষামন্ত্রী হবেন বলে সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে। পকিস্তান ও আফগানিস্তানে যুদ্ধ, শ্রীলংকায় যুদ্ধশেষে অস্থিরতা, সবমিলিয়ে আঞ্চলিকভাবে চারিদিকে গোলযোগের এ সময়ে দেশের পররাষ্ট্রনীতিকে সফলভাবে পরিচালনার জন্য মনমোহন সিং আস্থা রেখেছেন দলের আরেক প্রবীণ নেতা এম এস কৃষ্ণের ওপর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পালানিয়াপ্পান চিদম্বরমই থাকছেন। গত নভেম্বরের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে তিনি নিরাপত্তা পরিস্থিতি সামলাতে সফল হয়েছেন বলেই ধরে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী এবং কংগ্রেসের গুরুত্বপূর্ণ মিত্র মমতা ব্যানার্জী পেয়েছেন রেল মন্ত্রণালয়ের দায়িত্ব। দু'এক দিনের মধ্যে অন্যান্য মন্ত্রীদের মধ্যেও দপ্তর বণ্টন করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন মনমোহন সিং। এছাড়া আগামী কয়েক দিনে উপ-মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিশেষ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের নিয়োগ দেওয়া হবে। তখন মন্ত্রিসভার আকার আরও বাড়বে। শুক্রবার শপথ নেওয়া অন্য মন্ত্রীদের মধ্যে সুশীল কুমার সিনদেকে বিদ্যুৎ, জয়পাল রেড্ডিকে নগর উন্নয়ন, কমল নাথকে বাণিজ্য, মুরলি দেওরাকে জ্বালানি, কপিল শিবালকে মানব সম্পদ উন্নয়ন ও সি পি যোশীকে গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২০৪২ ঘ.