কলোম্বো, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকায় ২৫ বছরের গৃহযুদ্ধ অবসানে লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই)'র বিরুদ্ধে ২০০৬ সালের জুলাই থেকে শুরু হওয়া শেষ ধাপের যুদ্ধে ৬ হাজার ২শ'রও বেশি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৩০ হাজার সেনা। শ্রীলংকার প্রতিরক্ষামন্ত্রী একথা বলেছেন।
রাষ্ট্র-পরিচালিত 'ইন্ডিপেনডেন্ট টেলিভিশন নেটওয়ার্ক' এ বৃহস্পতিবার দিনশেষে এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো সেনা নিহতের ওই পরিসংখ্যান দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী গোতবায়া রাজাপাকসে। যেখানে ইরাকে যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর সময় থেকে এ পর্যন্ত ছয়বছর এক মাসে মার্কিন-ব্রিটিশ ও অন্যান্য দেশের সেনা নিহতের সংখ্যা প্রায় ৪ হাজার ৬০০।
শ্রীলংকার সেনাবাহিনী এর কয়েকমাস আগে লড়াইয়ে ১৫ হাজার তামিল গেরিলা হত্যার দাবি করে। তবে তারা টাইগার নিহতের কোনও চূড়ান্ত পরিসংখ্যান দেয়নি।
ওদিকে, জাতিসংঘ এ সপ্তাহে বলেছে, শ্রীলংকায় ১৯৮৩ সালে পুরোদস্তুর গৃহযুদ্ধ শুরুর পর এ পর্যন্ত সংঘর্ষে ৮০ হাজার থেকে ১ লাখ লোক নিহত হয়েছে।
জাতিসংঘের অনানুষ্ঠানিক পরিসংখ্যানে দেখা গেছে, কেবল জানুয়ারী থেকেই নিহত হয়েছে ৭ হাজার বেসামরিক নাগরিক। ত্রাণ সংস্থাগুলো বলেছে, যুদ্ধাঞ্চল থেকে পালিয়ে আসা ২ লাখ ৮০ হাজার জাতিগত তামিল শরণার্থী শিবিরগুলোতে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪০৬ ঘ.
bdnews24