২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান তালেবানদের পরাজিত করে শান্তি নিশ্চিত করবে: গিলানি

পাকিস্তানের সেনারা সোয়াত উপত্যকায় তালেবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই শেষ করে শান্তি নিশ্চিত করবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি সোমবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 10:37 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ইসলামাবাদ, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সেনারা সোয়াত উপত্যকায় তালেবান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই শেষ করে শান্তি নিশ্চিত করবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি সোমবার একথা বলেছেন। পাকিস্তানে বাড়তে থাকা তালেবান জঙ্গি তৎপরতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের মুখে এ মাসে শুরু হওয়া সেনা অভিযানে আগ্রগতি হচ্ছে বলে দাবি করেছেন গিলানি। সেইসঙ্গে তিনি বলেন, লড়াইয়ে বাস্তুচ্যুত হওয়া ১০ লাখেরও বেশি লোককে সাহায্যের যথাসাধ্য চেষ্টা করা হবে। সোয়াতের লড়াই নিয়ে সর্বদলীয় এক সম্মেলনের উদ্বোধনী ভাষণে গিলানি বলেন, "সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান খুবই সফলভাবে এগুচ্ছে। দেশের শান্তি যারা নষ্ট করেছিল তারা ছদ্মবেশে পালাচ্ছে।" তিনি বলেন, "সেনারা শান্তি নিশ্চিত না করা পর্যন্ত এবং বাস্তুচ্যুত মানুষদের বাড়িঘরে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ওই অঞ্চলে থাকবে।" সোয়াত অভিযানে ১ হাজারেরও বেশি জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে সরকার। সেনাবাহিনী এ লড়াইয়ে প্রায় ৫০ সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে। তবে জঙ্গি নিহতের সংখ্যা কোনও নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। গিলানি বলেন, লড়াইয়ে বাস্তুচ্যুত হওয়া নারী, পুরুষ, শিশুরা একা নয়। আমরা তাদের সুরক্ষা এবং সাহায্যের কোনও চেষ্টাই বাদ রাখব না। তিনি সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, "সামরিক ব্যবস্থাই যে কোনও সমস্যার স্থায়ী সমাধান নয় সে ব্যাপারে আমি খুব ভালোভাবেই ওয়াকিবহাল। জনগণ এবং রাজনৈতিক দলগুলো কোনও ইস্যু সমাধানে প্রকৃত ভূমিকা পালন না করা পর্যন্ত সমস্যার স্থায়ী কোনও সমাধান আসবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৫ ঘ.