ওয়াশিংটন, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সোমবারের বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জরুরি ভিত্তিতে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর এক ঊর্ধ্বতন সহযোগী একথা বলেছেন।
বৈঠকের আলোচ্যসূচির প্রথমেই ইরান প্রসঙ্গ রেখে নেতানিয়াহু ওবামাকে এই কড়া সংকেতই দেবেন যে, ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি তাৎক্ষণিকভাবে মনোযোগ দেওয়ার মতো কোনও ইস্যু নয়।
যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্র সমর্থন করলেও নেতানিয়াহু এ পর্যন্ত তা মেনে নেওয়ার কোনও ইঙ্গিত দেননি।
হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উজি আরাদ সাংবাদিকদের বলেন, "পরিকল্পনামাফিক নেতানিয়াহু ইরানের পরমাণু কর্মসূচির ওপরই আলোকপাত করবেন।"
তিনি বলেন, এ বিষয়ে ইসরায়েল জরুরি ভিত্তিতে কিছু করতে চায়। পরমাণু অস্ত্র সমৃদ্ধ ইরানকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি উল্লেখ করে আরাদ বলেন, "প্রধানমন্ত্রী জোরালোভাবেই এ বিষয়টি নিয়ে জরুরি ভিত্তিতে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেবেন।"
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী অ্যাভিগদোর লিবারম্যানও এ মাসে বলেছেন, ইরান পরমাণু কর্মসূচি বন্ধ না করলে বিশ্বশক্তিগুলোর উচিত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এক্ষেত্রে কূটনীতি ব্যর্থ হলে ইসরায়েলের নেতারা ইরানে সামরিক হামলার সম্ভাবনাও নাকচ করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৫ ঘ.
bdnews24