কলোম্বো, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকার ২৫ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রোববার পরাজয় স্বীকার করে নিয়েছে তামিল টাইগাররা। কয়েকদফা আত্মঘাতী হামলার মধ্য দিয়ে সেনাদের সঙ্গে শেষ লড়ায়েই পর তারা পরাজয় স্বীকার করেছে। 'লিবারেশন টাইগার্স অব তামিল ইলম'(এলটিটিই) এর আন্তর্জাতিক সম্পর্ক শাখার প্রধান সেলভারাজা পাথমানাথন বলেছেন, "তিক্ত লড়াইয়ের অবসান হয়েছে।" তামিল টাইগারপন্থী 'তামিলনেটডটকম' ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি একথা বলেন।
পাথমানাথন আরও বলেন, "আমাদের এখন একটি পথই আছে। আর তা হল, শত্র"রা যাতে আমাদের লোকজনকে মারার আর কোনও অজুহাত দেখাতে না পারে। আমরা অস্ত্রের ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।"
সেনাবাহিনী এ ব্যাপারে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।
যুদ্ধে ৩ হাজার লোক নিহত হয়েছে এবং ২৫ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন পাথমানাথন। বছরের পর বছর ধরে তিনি ছিলেন এলটিটিই'র অস্ত্র চোরাচালানের হোতা। ইন্টারপোল পাথমানাথনকে খুঁজছে।
ওদিকে, এলটিটিই প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। তার মতো দেখতে একজনের লাশ পাওয়া গেছে এবং তা সনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
তামিল টাইগাররা পরাজয় স্বীকার করার আগেই যুদ্ধে জয় ঘোষণা করেন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে।
শ্রীলংকার সেনাবাহিনী বলেছে, যুদ্ধাঞ্চলে মানবঢাল হিসেবে আটকে রাখা সব বেসামরিক তামিলকে সরিয়ে নিয়েছে তারা।
সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়েক্কারা বলেছেন, "ভেলিমুল্লাইভাইকাল থেকে সব বেসামরিক লোককে উদ্ধার করা হয়েছে। সেনারা এখনও এলটিটিই'র সঙ্গে লড়াই করছে। বৃহস্পতিবার থেকে প্রায় ৫০,০০০ লোককে সরিয়ে নেওয়া হয়েছে।"
সেনাবাহিনী জানিয়েছে, উপকূল ঘিরে ফেলার পর মাত্র এক বর্গকিলোমিটারের মধ্যে আটকাপড়া টাইগাররা শেষ অস্ত্র হিসেবে আত্মঘাতী হামলা চালায়। আত্মসমর্পণের বদলে আত্মঘাতী স্কোয়াডের গেরিলাদের সেনাবাহিনীর দিকে ঠেলে দিয়ে একের পর এক আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় তারা।
অবশেষে পরাজয় স্বীকার করলেও টাইগাররা সতর্ক করে দিয়ে বলেছে, এর মধ্য দিয়ে শ্রীলংকায় অর্থনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যস্থলগুলোতে গেরিলা সংঘর্ষের নতুন অধ্যায় শুরু হবে। এটি পর্যটন খাতে টাইগারদের পরোক্ষ হামলার হুমকি। যুদ্ধ অবসানের পর এ হামলা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছে সরকার।
তারপরও তামিল টাইগারদের পরাজয়ের আনন্দে মেতে উঠেছে লোকজন। কলোম্বোর রাস্তায় নেমে আতশবাজি করে উল্লাস করেছে তারা। সরকার এদিন জনগণকে জাতীয় পতাকা উড়িয়ে আনন্দ উদযাপনের আহ্বান জানায়।
টিভিতে দেখা গেছে, জর্ডান সফর করে রোববার প্রেসিডেন্ট রাজাপাকসে শ্রীলংকায় ফিরেই দেশের মাটি চুম্বন করেছেন।
মঙ্গলবার সেনাবাহিনীর জয় নিয়ে পার্লামেন্টে ভাষণ দেবেন রাজাপাকসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৭ ঘ.
bdnews24