কোটা, পাকিস্তান, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, অভিযানের মুখে তালেবানরা দাড়ি কেটে সোয়াত থেকে পালাচ্ছে।
সোয়াত উপত্যকায় সেনাবাহিনীর তালেবানবিরোধী অভিযানে আটকে পড়া লোকজনদের সরে যাওয়ার সুযোগ করে দিতে শুক্রবার সাময়িকভাবে কারফিউ তুলে নিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ।
তালেবানদের নিয়ন্ত্রণে থাকা সোয়াতের প্রধান শহর মিঙ্গোরা ও অন্যান্য কয়েকটি এলাকায় ৮ ঘন্টার জন্য কারফিউ তুলে নেওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী।
এই সুযোগে সোয়াত ছেড়ে চলে যেতে শুরু করেছে শত শত মানুষ। দক্ষিণের দিকে অগ্রসর হচ্ছে তারা। সেখানে কর্তৃপক্ষ শরণার্থীদের জন্য শিবিরের ব্যবস্থা করেছে।
সেনাবাহিনী জানিয়েছে, লড়াই আরও বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং তারা সফলতা পাচ্ছে। পালাতে থাকা তালেবানদের চিহ্নিত করতে সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।
এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, "আমরা নিশ্চিতভাবে খবর পেয়েছে, তালেবানরা চুল-দাড়ি কেটে এলাকা ছেড়ে পালাচ্ছে। তাদের চিহ্নিত করে জানানোর জন্য সোয়াতের মানুষের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি।"
সেনাবাহিনী জানিয়েছে, মিঙ্গোরা ঘিরে থাকা সেনারা শহরে প্রাইভেট কার ঢুকতে দিচ্ছে না। তবে শহরের ৮ কিলোমিটার (৫ মাইল) উত্তরপশ্চিমে লোকজনকে নিয়ে যাওয়ার জন্য সরকার ১৫০ টি গাড়ি ঢুকতে দিয়েছে।
ইতোমধ্যেই বাড়িঘর ছেড়ে পালিয়েছে ৮৩০,০০০ মানুষ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বিপর্যয় এড়াতে আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এফএইচবি/১৯২৭ ঘ.
bdnews24