২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুর সংঘর্ষ নিয়ে আইসিসি'র অভিযোগ প্রত্যাখ্যান বশিরের

সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশির বলেছেন, দারফুরে যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা সুদানের বিরুদ্ধে চক্রান্তেরই অংশ। একইসঙ্গে তিনি দারফুরে হত্যাযজ্ঞের দায়ও অস্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 11:53 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

লন্ডন, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশির বলেছেন, দারফুরে যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা সুদানের বিরুদ্ধে চক্রান্তেরই অংশ। একইসঙ্গে তিনি দারফুরে হত্যাযজ্ঞের দায়ও অস্বীকার করেছেন। বৃহস্পতিবার বিবিসি'র সঙ্গে এক সাক্ষাৎকারে বশির বলেন, সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর প্রদেশে বিদ্রোহ থেকে লড়াই শুরু হয়েছিল। তিনি সেখানে বিদ্রোহিদের সঙ্গে লড়াই করতে সেনা পাঠিয়েছিলেন মাত্র। বশির বলেন, দারফুরে বেশিরভাগ লড়াই হয়েছে স্থানীয় আদিবাসীদের মধ্যে। সরকারি বাহিনী বা সরকার সমর্থিত মিলিশিয়ারা সেখানে হত্যাযজ্ঞ চালিয়েছে--- এসবই বৈরি প্রচারণা। জাতিসংঘ কর্মকর্তারা বলেছেন, দারফুরে ছয়বছরের সংঘর্ষে ৩ লাখ মানুষের মৃত্যু ঘটেছে। বাস্তুচ্যুত হয়েছে ২৭ লাখেরও বেশি মানুষ। নেদারল্যান্ডের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যেই দারফুরে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বশির বলেন, "আইসিসি'র রায় মূলত অকার্যকর। আমাদের কাছে আইসিসি'র রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।" একইসঙ্গে আইসিসি'র সব অভিযোগই মিথ্যা বলে উড়িয়ে দেন বশির। তিনি বলেন, "আমরা ওই আদালতকে স্বীকৃতি দেই না। তাদের সঙ্গে আলোচনায় যাব না এবং কাউকে হস্তান্তর করব না।" আইসিসি সুদানের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কিন্তু খার্তুম তাদেরকে হেগ ট্রাইব্যুনালে বিচারের জন্য হস্তান্তরে অস্বীকৃতি জানিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০১ ঘ.