২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ফ্লু এখনও মহামারী আকার নেয়নি: ডব্লিউএইচও

নতুন ধরনের এইচ১এন১ ভাইরাসের অব্যাহতভাবে মানুষ থেকে মানুষে সংক্রমণ উত্তর আমেরিকার বাইরে কোথাও দেখা যায়নি উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক শীর্ষ কর্মকর্তা সোমবার বলেছেন এই ফ্লু এখনও মহামারীর আকার নেয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 11:01 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

জেনেভা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নতুন ধরনের এইচ১এন১ ভাইরাসের অব্যাহতভাবে মানুষ থেকে মানুষে সংক্রমণ উত্তর আমেরিকার বাইরে কোথাও দেখা যায়নি উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক শীর্ষ কর্মকর্তা সোমবার বলেছেন এই ফ্লু এখনও মহামারীর আকার নেয়নি। ডব্লিউএইচও'র ভারপ্রাপ্ত সহকারি মহাপরিচালক ড. কেইজি ফুকুদা এক সংবাদ ব্রিফিংয়ে আরও বলেন, সোয়াইন ফ্লু ভাইরাস মহামারী সৃষ্টি করবে কি না তা বলার সময় এখনও আসেনি। ডব্লিউএইচও'র মহামারী সতর্কতার দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার প্রতি ইঙ্গিত করে ফুকুদা বলেন, "আমরা এখন ৫ মাত্রায় আছি" এবং "এটা এখনও একটা সংশয়পূর্ণ অবস্থাই নির্দেশ করে।" সংস্থাটি জানিয়েছে, তাদের গবেষণাগারগুলো থেকে এ পর্যন্ত ৪,৩৭৯ জনের এ ভাইরাসে সংক্রমিত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তারা জানায়, ৬০ জনের মৃত্যুর ঘটনা নিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর আমেরিকা। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই এতে সংক্রামিত হয়েছে ২,৬০০ জন। ফুকুদা বলেন, "আমরা দেখতে পাচ্ছি যে, ঘটনাপ্রবাহ প্রতিদিনই পাল্টে যাচ্ছে।" "আমরা এসবের বৈজ্ঞানিক দিকগুলো পর্যালোচনা করছি, আমরা এর মহামারীর দিকগুলো এবং এর বিস্তার পর্যালোচনা করে দেখছি। মানুষজন এবং দেশগুলোর ওপর এর প্রভাব পর্যালোচনাও আমরা চালিয়ে যাব।" ওদিকে, প্রায় দুই সপ্তাহ পর সোমবার প্রথমবারের মতো শ্রেণীকক্ষে ফিরে এসেছে মেক্সিকোর লাখ লাখ স্কুলশিশু। পুরো মেক্সিকোজুড়ে সব স্কুলগুলো মেঝে থেকে ঘরের ছাদ পর্যন্ত পরিষ্কার করতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের পর এদিন স্কুলগুলো খুলে দেওয়া হয়। দেশটির দুই কোটি স্কুলশিক্ষার্থীকে কঠোর পরিচ্ছন্নতা নিয়মনীতি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬১৫ ঘ.