কোটা, পাকিস্তান ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সেনারা মঙ্গলবার হেলিকপ্টার নিয়ে সোয়াত উপত্যকার প্রত্যন্ত অঞ্চলের তালেবান ঘাঁটিতে অভিযান শুরু করেছে। জঙ্গিরা পালাচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস।
সেনাবাহিনী জানিয়েছে, "হেলিকপ্টারে করে সেনারা প্রত্যন্ত পেওচার উপত্যকায় গেছে। সেখানে তালেবানদের সদরদপ্তর আছে।" ওদিকে, আতহার আব্বাস এক ব্রিফিং এ জানান, তালেবান ঘাঁটি নির্মূল করা এবং তল্লাশি চালানোই সেনাদের মিশন।
আব্বাস জানান, সোয়াতের তালেবান প্রধান ফজলুল্লাহর শহর ইমাম দেহরিতেও সংঘর্ষ চলছে। সেখানে ৪ জঙ্গি নিহত হয়েছে।
তিনি বলেন, লড়াইয়ে ৭৫১ জন জঙ্গি এবং ২৯ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ৭৭ জন।
কিন্তু লড়াইয়ের মুখে বেশির ভাগ সাংবাদিক সোয়াত ছেড়ে চলে যাওয়ায় হতাহতের এই সংখ্যা নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।
সেনাবাহিনী জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর ১৫ হাজার সদস্য ওই অঞ্চলে প্রায় ৫ হাজার জঙ্গির সঙ্গে লড়ছে।
অধিবাসীরা জানিয়েছে, স্থলসেনাদেরকেও পেওচার উপত্যকার দিকে অগ্রসর হতে দেখা গেছে। পেওচারের অবস্থান মূল সোয়াত উপত্যকা থেকে উত্তরপূর্বে।
পাকিস্তান সরকার গত বৃহস্পতিবার সেনাদের জঙ্গি নির্মূলের নির্দেশ দেওয়ার পর পেশোয়ারের ১১০ কিলোমিটার উত্তরপূর্বে সোয়াত উপত্যকায় পুরোদস্তুর তালেবান জঙ্গি বিরোধী অভিযানে নেমেছে সেনাবাহিনী।
বুনার উপত্যকা থেকে তালেবান জঙ্গি হটাতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ২৬ এপ্রিল থেকে সেখানে অভিযান শুরু করে। এরপর সোয়াতে তালেবানদের সঙ্গে ফেব্র"য়ারিতে করা শান্তিচুক্তি উপেক্ষা করে সরকার সেখানে অভিযান শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩০ ঘ.
bdnews24