২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকার অভিযানে 'রক্তগঙ্গা'র আশঙ্কাই সত্য হল: জাতিসংঘ

শ্রীলংকার যুদ্ধাঞ্চলে রোববারের সেনা অভিযানে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়ে জাতিসংঘ বলেছে, তারা যে 'রক্তগঙ্গা' বয়ে যাওয়ার আশঙ্কা করছিল তা-ই সত্য হল। ওদিকে, যুদ্ধাঞ্চলে আটকে পড়া বেসামরিক মানুষের মৃত্যু নিয়ে পরষ্পরকে দোষারোপ করেছে শ্রীলংকার সরকার ও লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 11:43 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

কলম্বো, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার যুদ্ধাঞ্চলে রোববারের সেনা অভিযানে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়ে জাতিসংঘ বলেছে, তারা যে 'রক্তগঙ্গা' বয়ে যাওয়ার আশঙ্কা করছিল তা-ই সত্য হল। ওদিকে, যুদ্ধাঞ্চলে আটকে পড়া বেসামরিক মানুষের মৃত্যু নিয়ে পরষ্পরকে দোষারোপ করেছে শ্রীলংকার সরকার ও লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই)। তামিল গেরিলাদের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ ৫ বর্গকিলোমিটারের এলাকাটির নিয়ন্ত্রণ নিতে এখনও সেনা অভিযান চালিয়ে যাচ্ছে শ্রীলংকা। কিন্তু, সেখানে আটকে পড়া বেসামরিক লোকদের বাঁচাতে সেনা অভিযান বন্ধ করতে ভারত এবং পশ্চিমা দেশগুলোসহ জাতিসংঘের আহ্বান সত্ত্বেও অভিযান অব্যাহত রেখেছে দেশটি। অন্যদিকে, রক্তপাত না বাড়িয়ে আত্মসমর্পণের আহ্বানে সাড়া দেয়নি তামিল টাইগাররাও। জাতিসংঘ মুখপাত্র গর্ডন ওয়েইস বলেন, "আমরা সর্বক্ষণই রক্তগঙ্গা বয়ে যাওয়ার ব্যাপারে সতর্ক করে আসছিলাম এবং এই সপ্তাহান্তে (রোববার) ১০০রও বেশি শিশুসহ বড় ধরনের বেসামরিক হত্যাকাণ্ডের ঘটনায় রক্তগঙ্গা বয়ে যাওয়ার আশঙ্কাই সত্য প্রমাণিত হল।" এ ঘটনার জন্য সরকারকে দায়ী করেছে তামিল টাইগাররা। অন্যদিকে, সরকার বলছে, যুদ্ধবিরতির জন্য সরকারকে আন্তর্জাতিক চাপে ফেলতে কিংবা পরাজয় পিছিয়ে দেওয়ার কৌশল হিসেবে সেনা অভিযান থামাতে এলটিটিই-ই পিছু হটার সময় শেষ মুহূর্তে গুলি করে মেরেছে কয়েক মাস ধরে আটকে রাখা বেসামরিক লোকজনদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৫০ ঘ.