কাবুল, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---আফগানিস্তানে এ সপ্তাহের শুরুতে মার্কিন বিমান হামলায় ১৪৭ জন নিহতের তালিকা দিয়েছে গঞ্জ আবাদ ও জেরানি গ্রামের অধিবাসীরা। ফারাহ প্রদেশের ডেপুটি গভর্নর ইউনুস রাসুলি একথা জানিয়েছেন।
ইউনুস রয়টার্সকে জানান, জেরানি গ্রামের অধিবাসীরা ৯০ জন নিহতের তালিকা দিয়েছে। অন্যদিকে, গঞ্জ আবাদ গ্রামের অধিবাসীরা দিয়েছে ৫৭ জন নিহতের তালিকা।
সোম ও মঙ্গলবারে কাছাকাছি অন্য একটি গ্রামে অভিযানের সময় এ দুটি গ্রামেও মার্কিন বিমান হামলা হয়েছে। রাসুলি জানান, গ্রাম দুটিতে আফগান নিহতের ঘটনাটি কর্মকর্তারা এখনও তদন্ত করে দেখছেন এবং নিহতদের নামগুলো নিশ্চিত করে জানার চেষ্টা করছেন।
নামের তালিকা নিশ্চিত হলে ২০০১ সালের পর আফগানিস্তানে এটিই হবে সবচেয়ে বেশি বেসামরিক নাগরিক নিহতের পরিসংখ্যান।
রাসুলি জানান, তালিকায় ৮ শিশুর নাম রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতোপূর্বে এদের নাম জানানো হয়েছিল।
প্রাদেশিক সরকারের তদন্ত দলের সদস্য আব্দুল বশির গ্রামবাসীদের তালিকায় ১৪৭ টি নাম থাকার কথা নিশ্চিত করে জানিয়েছেন। বশির আরও জানান, ওই দুই গ্রামে তিনি দুটো গণকবরসহ আরও ৪০ টিরও বেশি কবর দেখেছেন।
মার্কিন বিমান হামলায় আফগান হতাহতের ঘটনা নিয়ে আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। তাছাড়া বিষয়টি নিয়ে খোদ আফগানিস্তানেও জন অসন্তোষ বাড়ছে। আফগান হতাহতের প্রতিবাদে পশ্চিম আফগানিস্তানে বৃহস্পতিবার বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা।
এর আগে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ বহু সংখ্যক আফগান নিহত হওয়ার খবর বুধবার নিশ্চিত করে রেডক্রস।
ফারাহ প্রদেশের গভর্নর রুহুল আমিন ১০০ বেসামরিক নাগরিক নিহত হওয়ার আশঙ্কার কথা জানান। তবে প্রাদেশিক পুলিশ প্রধান আব্দুল গাফার ওয়াতান্দা বলেন, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।
প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কার্যালয় জানিয়েছে, কারজাই বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি তদন্তে বুধবার মার্কিন-আফগান যৌথ প্রতিনিধিদল পাঠিয়েছেন।
রেডক্রসের মুখপাত্র জেসিকা ব্যারি জানান, নারী ও শিশু নিহত হয়েছে। হামলার সময় তারা বাড়িতে বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল বলে মনে হয়েছে। ঘটনাস্থলে বিধ্বস্ত বাড়িঘর এবং বহুসংখ্যক মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে বলেও জানান তিনি। এর মধ্য দিয়ে আফগানিস্তানে বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি প্রথম আন্তর্জাতিকভাবে নিশ্চিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪০ ঘ.
bdnews24