ব্যাংকক, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এইচ১এন১ ভাইরাস মোকাবেলায় এশিয়ার দেশগুলো শুক্রবার ওষুধের মজুদ বাড়ানো, জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করাসহ ভাইরাস সতর্কতা জোরদার করতে একমত হয়েছে। ব্যাংককে শুক্রবার এশিয়ার দেশগুলোর ইনফ্লুয়েঞ্জা বিষয়ক এক বিশেষ বৈঠকে এ মতৈক্য হয়। (আরও তথ্যসহ)
১০ সদস্যের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের স্বাস্থ্যমন্ত্রীরা এবং এর সঙ্গে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াও নতুন সোয়াইন ফ্লু'র এইচ১এন১ ভাইরাসের বিস্তার ঠেকানোয় তড়িৎ ব্যবস্থা নিতে যৌথ দল গঠনসহ একে অপরের সঙ্গে সহযোগিতা বাড়ানো এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে 'রেড এলার্ট হটলাইন' চালু করতে রাজি হয়েছে।
মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও ইউরোপের তুলনায় এশিয়ায় ফ্লু সংক্রমণের হার কম হলেও আসিয়ানের মহাসচিব সুরিন পিটসুয়ান এ ব্যাপাওে সতর্ক থাকতে বলেছেন।
বৈঠকের যৌথ বিবৃতিতে ফ্লু'র প্রতিষেধক তৈরির সক্ষমতা কেবল উত্তর আমেরিকা এবং ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ এবং তা বিশ্বে মহামারী ঠেকানোর জন্য পর্যাপ্ত নয় বলে মন্ত্রীরা উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, এশিয়ার দেশগুলোর এ মুহূর্তে টিকা তৈরিতে সক্ষম নয়।
বিবৃতিতে বলা হয়, অন্য অঞ্চলগুলো ইনফ্লুয়েঞ্জা টিকা তৈরির প্রযুক্তি পেতে শুরু করলেও এ অঞ্চলে এর অভাব একটি বড় সমস্যা। ফলে টিকা তৈরির জন্য এ অঞ্চলে প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানানো হয় বিবৃতিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৮ ঘ.
bdnews24