২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে সংকট ঘনীভূত, পুলিশ-মাওবাদী সংঘর্ষ

প্রেসিডেন্ট নতুন সরকার গঠনের জন্য শনিবার পর্যন্ত সময়সীমা বেঁেধ দেওয়ার পরও মাওবাদীদের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতৈক্য না হওয়ায় নেপালে রাজনৈতিক সংকট ঘনীভূত হয়েছে। ওদিকে, বুধবার রাজধানী কাঠমাণ্ডুতে মাওবাদীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নেপালে আবারও অস্থিতিশীলতার আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 11:31 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

কাঠমাণ্ডু, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রেসিডেন্ট নতুন সরকার গঠনের জন্য শনিবার পর্যন্ত সময়সীমা বেঁেধ দেওয়ার পরও মাওবাদীদের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতৈক্য না হওয়ায় নেপালে রাজনৈতিক সংকট ঘনীভূত হয়েছে। ওদিকে, বুধবার রাজধানী কাঠমাণ্ডুতে মাওবাদীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নেপালে আবারও অস্থিতিশীলতার আশঙ্কা করা হচ্ছে। সেনাপ্রধানকে বরখাস্ত করতে না দেওয়ায় প্রেসিডেন্টের সঙ্গে বিরোধে সোমবার মাওবাদী প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ডের পদত্যাগে নেপালে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তা দূর করার কোনো পথ বের করতে পারেনি অন্যান্য রাজনৈতিক দলগুলো। মাওবাদীরা সর্বদলীয় বৈঠকে যোগ না দিতে রাজি না হওয়ায় অচলাবস্থার কোনো সুরাহা হয়নি। এখনও বিপুল জনপ্রিয়তা এবং পার্লামেন্টে প্রায় ৪০ শতাংশ আসনের অধিকারী মাওবাদীদের বাদ দিয়ে কোনো জোট সরকারের পক্ষে দেশ চালানো ভীষণ কঠিন হবে বলে মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। "আমরা লড়াই করতে প্রস্তুত" বলে শ্লোগান দিতে থাকা প্রায় ১,০০০ মাওবাদী বিক্ষোভকারী কাঠমাণ্ডুর রাজপথে নেমে আসে বুধবার। ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকা বিক্ষুব্ধ মাওবাদীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হলে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক দশকের গৃহযুদ্ধে প্রায় ১৩,০০০ প্রাণের বিনিময়ে রাজতন্ত্রের অবসান এবং শান্তিচুক্তির মধ্য দিয়ে একটি প্রজাতান্ত্রিক নেপালের যাত্রা শুরুর খুব বেশিদিন পেরোয়নি এখনও। ফলে সাধারণ নির্বাচনে বিপুল বিজয় পাওয়া মাওবাদীদের এতো দ্রুত সরকার থেকে বেরিয়ে আসার ঘটনা এমনিতেই হতাশা ছড়িয়েছে। তার ওপর বুধবার কাঠমাণ্ডুতে মাওবাদী-পুলিশ সংঘর্ষ মানুষকে খুব দ্রুতই ফেলে আসা সহিংসতার দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে। ওদিকে, পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম দল উদারপন্থি কমিউনিস্ট ইউএমএল পার্টির নেতারা বুধাবার বলেছেন, মাওবাদীদের ছাড়া জাতীয় সরকার গঠন করাও সম্ভব নয়। ইউএমএল এর সাধারণ সম্পাদক ইশওয়ার পোকারেল বলেন, "মাওবাদীদের সঙ্গে না নিয়ে জাতীয় সরকার গঠনের আর কোনো বিকল্প নেই। এটাই বাস্তবতা।" তিনি আরও বলেন, "আমরা তাদের সঙ্গে আলোচনায় বসব এবং যত দ্রুত সম্ভব সরকার গঠনের চেষ্টা করব।" ইউএমএল নেতারা আরও জানিয়েছেন, বুধবার সদ্যপদত্যাগী প্রধানমন্ত্রী এবং মাওবাদী নেতা প্রচণ্ডর সঙ্গে দেখা করেছেন ইউএমএল নেতা জল নাথ কানাল। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি। রাজনৈতিক বিশ্লেষক যুবরাজ ঘিমিরি বলেন, "সরকারে মাওবাদীদের অংশগ্রহণ ছাড়া কিংবা শান্তি প্রক্রিয়ায় তাদের দৃঢ় সমর্থন ছাড়া নতুন সংবিধান রচনা করা সম্ভব হবে না।" ওদিকে, মাওবাদী বিক্ষোভকারীরা বলেছেন, সেনাপ্রধানের পদ থেকে জেনারেল রুকমঙ্গুদ কাতাওয়ালকে বরখাস্ত করার আগ পর্যন্ত পার্লামেন্টের অধিবেশন বসতে দেবে না তারা। তাদের অভিযোগ, বেসামরিক সরকারের কর্তৃত্বের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না জেনারেল কাটাওয়াল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩০ ঘ.