সুভা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সংস্থা- প্যাসিফিক আইল্যান্ডস ফোরম শনিবার ফিজির সদস্যপদ স্থগিত করেছে।
ফোরমের চেয়ারম্যান টোকে তালাগি জানিয়েছেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে নতুন নির্বাচনের ঘোষণা দিতে ফিজির সামরিক শাসক ব্যর্থ হওয়ায় তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফিজির প্রেসিডেন্ট গত মাসে কমোডর ফ্রাঙ্ক বাইনিমারামকে অন্তবর্তী সরকারে প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিয়োগ দেওয়ার পর দেশটি নতুন করে সঙ্কটের মধ্যে পড়ে। ২০০৬ সালের সেনা অভ্যুত্থান এবং পরবর্তী সরকারকে অবৈধ ঘোষণা করে আদালত রায় দেওয়ার দুই দিন পরেই তাকে এই নিয়োগ দেওয়া হয়।
দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য নতুন পরিকল্পনা ঘোষণার জন্য বাইনিমারামকে গত শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু ২০১৪ সালের আগে কোনো নির্বাচন হবে না জানিয়ে তিনি জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়িয়েছেন।
ফোরমের চেয়ারম্যান টোকে তালাগি এক বিবৃতিতে বলেন, "অত্যন্ত পরিতাপ এবং হতাশার সঙ্গে আমি ফিজির সদস্যপদ স্থগিতের এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।"
তিনি বলেন, "মৌলিক মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি যে দেশ এমন ধৃষ্টতা দেখাতে পারে, প্যাসিফিক আইল্যান্ডস ফোরামে তাদের কোনো স্থান নেই।"
তবে ফিজি ফোরামের সদস্য থাকবে এবং তাদের বহিষ্কারের কথা ভাবা হচ্ছে না বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচিবি/২০২৫ ঘ.
bdnews24