২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের শক্তি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় সহায়ক: আহমাদিনেজাদ

ইরানে শনিবার সশস্ত্রবাহিনী দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, ইরানের শক্তিশালী সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2009, 11:18 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

তেহরান, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানে শনিবার সশস্ত্রবাহিনী দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, ইরানের শক্তিশালী সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের নতুন পরিস্থিতিতে এ বছর কুচকাওয়াজের ব্যাপ্তি এবং মার্কিনবিরোধী কথাবার্তা তেমন ছিল না। এদিকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড হলব্র"ক টোকিওতে বলেছেন, সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। তেহরানের বাইরে সশস্ত্রবাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন শেষে বক্তৃতায় আহমাদিনেজাদ বলেন, "ইরানি সশস্ত্রবাহিনীর শক্তিমত্তা দেশের জন্যই, তবে এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রেও তা সহায়ক শক্তি।" আহমাদিনেজাদ এবার বেশ মিতভাষায় বক্তব্য রাখেন। অন্যান্য বছর এ দিবসে পশ্চিমাবিরোধী শ্লোগান ও ব্যানার থাকলেও এবার ছিল না। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বরফ গলার নতুন নিদর্শন হচ্ছে টোকিওতে শনিবার রিচার্ড হলব্র"কের বক্তব্য। তিনি জানান, শুক্রবার পাকিস্তানের জন্য দাতাগোষ্ঠীর সম্মেলনের একফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানোশেহর মোত্তাকির সঙ্গে তার অল্পসময়ের জন্য কথা হয়েছে। কোনরকম আলোচনা বা সংলাপজাতীয় কিছু হয়েছে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "না, সম্মেলনে আমরা ঘোরাঘুরি করার সময় আমি মোক্তাকির সামনে পড়ে যাই এবং আমরা পরস্পরকে 'হ্যালো' বলি। এরপর দু'এক মিনিট কথা বলি।" মোত্তাকি আগের দিন জাপানের 'ইয়োমিউরি' পত্রিকাকে এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র কথার সঙ্গে কাজের মিল দেখাতে পারলে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনার প্রচেষ্টায় ইরান সাড়া দেবে। "ওবামা প্রশাসন তাদের পরিবর্তনের অঙ্গীকারের সঙ্গে যদি কাজের মিল দেখাতে পারে তাহলে আমাদের দিক থেকে পরিবর্তন আসবে।" ইরান পরমাণু সমস্যা সমাধানে বিশ্বশক্তিকে নতুন প্যাকেজ প্রস্তাব দেওয়ার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মোত্তাকি বলেন, গত বছরের মে মাসে যে প্রস্তাব দেওয়া হয়েছিল এটা তারই সংশোধিত রূপ। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গত বুধবার জানান, পরমাণু সমস্যা সমাধানে বিশ্বশক্তির জন্য নতুন প্যাকেজ তৈরি করেছে তার দেশ। আহমাদিনেজাদ বলেন, "আমরা নতুন প্যাকেজ তৈরি করেছি, যার ভিত্তিতে পরমাণু সমস্যার সমাধান হতে পারে। পশ্চিমা বিশ্বকে খুব শিগগির এই প্যাকেজ প্রস্তাব দেওয়া হবে।" তিনি বলেন, "নতুন এই প্যাকেজ বিশ্বশান্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করবে। সব রাষ্ট্রের অধিকারের প্রতি এতে সম্মান দেখানো হয়েছে।" যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন গত সপ্তাহে জানিয়েছে, কূটনৈতিক উপায়ে পরমাণু সমস্যা সমাধানে ইরানকে আলোচনার আমন্ত্রণ জানানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানাকে নির্দেশ দেওয়া হবে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। এই অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরানকে একঘরে করে ফেলার চেষ্টা করেছিলেন। তবে নতুন প্রেসিডেন্ট বারাক ওবামা বুশের এই নীতি থেকে সরে এসে ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী। ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই তা পরিচালিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯১৭ ঘ.