তেহরান, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র কথার সঙ্গে কাজের মিল দেখাতে পারলে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনার প্রচেষ্টায় ইরান সাড়া দেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানোশেহর মোত্তাকি একথা বলেছেন।
জাপানের 'ইয়োমিউরি' পত্রিকাকে এক সাক্ষাৎকারে মোত্তাকি বলেন, "মার্কিন সরকারের মন্তব্যকে আমরা সুক্ষ্মভাবে এবং গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দেখছি।"
"ওবামা প্রশাসন তাদের পরিবর্তনের অঙ্গীকারের সঙ্গে যদি কাজের মিল দেখাতে পারে তাহলে আমাদের দিক থেকে পরিবর্তন আসবে।"
পাকিস্তানের দাতা এবং মিত্রদের এক বৈঠকে যোগ দিতে টোকিওতে আছেন মোত্তাকি। দারিদ্র বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে পাকিস্তানকে চার বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্র"তি দিতে পারে দাতাগোষ্ঠি।
পরমাণু সমস্যা সমাধানে বিশ্বশক্তিকে নতুন প্যাকেজ প্রস্তাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এ বিষয়ে জানতে চাইলে মোত্তাকি বলেন, গত বছরের মে মাসে যে প্রস্তাব দেওয়া হয়েছিল এটা তারই সংশোধিত রূপ।
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ গত বুধবার জানান, পরমাণু সমস্যা সমাধানে বিশ্বশক্তির জন্য নতুন প্যাকেজ তৈরি করেছে তার দেশ।
আহমাদিনেজাদ বলেন, "আমরা নতুন প্যাকেজ তৈরি করেছি, যার ভিত্তিতে পরমাণু সমস্যার সমাধান হতে পারে। পশ্চিমা বিশ্বকে খুব শিগগির এই প্যাকেজ প্রস্তাব দেওয়া হবে।"
তিনি বলেন, "নতুন এই প্যাকেজ বিশ্বশান্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করবে। সব রাষ্ট্রের অধিকারের প্রতি এতে সম্মান দেখানো হয়েছে।"
যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন গত সপ্তাহে জানিয়েছে, কূটনৈতিক উপায়ে পরমাণু সমস্যা সমাধানে ইরানকে আলোচনার আমন্ত্রণ জানানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানাকে নির্দেশ দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। এই অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরানকে একঘরে করে ফেলার চেষ্টা করেছিলেন। তবে নতুন প্রেসিডেন্ট বারাক ওবামা বুশের এই নীতি থেকে সরে এসে ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী।
ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই তা পরিচালিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৯১৭ ঘ.
bdnews24