২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ অস্ত্র পরিদর্শকদের উত্তর কোরিয়া ছাড়ার নির্দেশ

জাতিসংঘ অস্ত্র পরিদর্শকদের সঙ্গে সহযোগিতা বন্ধ করে তাদেরকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা 'আইএইএ' একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 04:43 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

সউল, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)---জাতিসংঘ অস্ত্র পরিদর্শকদের সঙ্গে সহযোগিতা বন্ধ করে তাদেরকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়া। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা 'আইএইএ' একথা জানিয়েছে। আইএইএ জানায়, পিয়ংইয়ং জাতিসংঘ পরিদর্শকদেরকে ইয়ংবিয়ন পরমাণু চুল্লি থেকে সিলগালা এবং যন্ত্রপাতি সরিয়ে নিতে বলেছে। এই স্থাপনার কাজ পুনরায় শুরু করার কথাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা। আইএইএ এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়ার অবিলম্বে সহযোগিতা বন্ধের নোটিশ দিয়েছে। বিবৃতিতে এও বলা হয়েছে যে, আইএইএ পরিদর্শকদেরকে আর পরমাণু স্থাপনায় ঢুকতে দেওয়া হবে না। তাদেরকে পরমাণু স্থাপনা থেকে সমস্ত যন্ত্রপাতি সরিয়ে নিতে হবে এবং যত দ্রুত সম্ভব দেশ ছাড়তে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন উত্তর কোরিয়ার এ পদক্ষেপের সমালোচনা করেছেন। এর মধ্য দিয়ে উত্তর কোরিয়া অযথাই উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। তবে ওয়াশিংটন আলোচনার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন হিলারি। অন্যদিকে, উত্তর কোরিয়ার সন্দেহজনক গণবিধ্বংসী অস্ত্র বাণিজ্য বন্ধের পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়া। বুধবারই তাদের এ পরিকল্পনা ঘোষণা করার কথা। উত্তর কোরিয়া পরমানূ আলোচনা বয়কটের অঙ্গীকার করার পর দক্ষিণ কোরিয়ার এ পদক্ষেপে উত্তেজনা আরও বাড়বে। উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র বাণিজ্য বন্ধ করতে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়ে উত্তর কোরিয়ার জাহাজগুলোর গতিবিধির ওপর নজর রাখবে। এ পদক্ষেপের আওতায় দক্ষিণ কোরিয়া তাদের জলসীমার মধ্য দিয়ে যাওয়া উত্তর কোরিয়ার জাহাজগুলোর কোনটিকে সন্দেহ হলে তল্লাশি চালাতে পারবে। উত্তর কোরিয়া মঙ্গলবার পরমাণু কর্মসূচি নিয়ে ছয়-জাতি আলোচনা বয়কটের ঘোষণা দিয়েছে । আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি আর মেনে চলতে বাধ্য নয় জানিয়ে উত্তর কোরিয়া মঙ্গলবার বলেছে, তারা ইয়ংবিয়ন পরমাণু অস্ত্র স্থাপনা আবারও চালু করবে। এই স্থাপনায় পরমাণু অস্ত্র তৈরি উপযোগী প্লুটোনিয়াম উৎপাদন করা হয়। ২০০৮ সালে আন্তর্জাতিক একটি চুক্তির আওতায় উত্তর কোরিয়া ইয়ংবিয়ন পরমাণু স্থাপনা ধ্বংস করতে শুরু করেছিল। চীন, জাপান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উপনীত ওই চুক্তি অনুযায়ী, সাহায্য ও কূটনৈতিক ছাড়ের বিনিময়ে উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি নির্মূল করতে রাজি হয়। কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার উত্তর কোরিয়ার রকেট হামলার নিন্দা জানিয়ে পিয়ংইয়ং এর ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানানোর ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় দেশটি ছয়-জাতি নিরস্ত্রীকরণ আলোচনা বয়কট করে পরমাণু স্থাপনা আবারও চালুর ওই ঘোষণা দেয়। উত্তর কোরিয়ার দাবি, তারা কক্ষপথে উপগ্রহ পাঠিয়েছে। কিন্তু পশ্চিমাদের ধারণা, উত্তর কোরিয়া দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার কেসিএনএ সংবাদ সংস্থা পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেছে, "ছয়-জাতি আলোচনা অর্থহীন হয়ে পড়েছে। উত্তর কোরিয়া আর ছয়-জাতি আলোচনায় হওয়া চুক্তি মেনে চলতে বাধ্য নয়।" উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, "আমরা সক্রিয়ভাবে হালকা-পানির পরমাণু চুল্লি গড়ার বিষয়টি বিবেচনা করছি। আমরা আবার পরমাণু স্থাপনা চালু করব এবং ব্যবহৃত পরমাণু জ্বালানি উপকরণ নতুন করে প্রক্রিয়াজাত করব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০৪৫ ঘ.