২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার পদক্ষেপ ইতিবাচক, আরও কিছু করা দরকার: কাস্ত্রো

কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পদক্ষেপকে 'ইতিবাচক' বলে প্রশংসা করেছেন। তবে তিনি বলেন, কিউবার প্রতি মার্কিন নীতির আরও পরিবর্তন দরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2009, 08:17 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

হাভানা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পদক্ষেপকে 'ইতিবাচক' বলে প্রশংসা করেছেন। তবে তিনি বলেন, কিউবার প্রতি মার্কিন নীতির আরও পরিবর্তন দরকার। কিউবার কয়েক দশকের মার্কিন নিষেধাজ্ঞার মধ্য থেকে সোমবার কিছু বাধা-নিষেধ তুলে নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। কিউবান-আমেরিকানদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি কিউবায় মার্কিন টেলিকমিউনিকেশন সার্ভিসের ওপর বাধা-নিষেধ তোলার পদক্ষেপ নিয়েছেন তিনি। কিউবার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত একটি কলামে কাস্ত্রো লেখেন, "ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করাটা সামান্য ব্যাপার হলেও ইতিবাচক পদক্ষেপ। আরও অনেক কিছু করা দরকার।" ওয়েবসাইটে প্রকাশিত দ্বিতীয় কলামে কাস্ত্রো ওই মন্তব্য করেন। এর আগে প্রকাশিত প্রথম কলামে তিনি কিউবার ওপর থেকে ৪৭ বছরের পুরোনো বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে না নেওয়ার জন্য হোয়াইট হাউসের বিরুদ্ধে অভিযোগ করেন। এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য হাভানা যুক্তরাষ্ট্রের কাছে কাকুতি-মিনতি করবে না বলেও জানিয়ে দেন কাস্ত্রো। তবে কাস্ত্রো এও লেখেন, "আমাদের ওবামার ক্ষতি করার বিন্দুমাত্র আগ্রহ নেই। যা ঘটেছে তার জন্য ওবামা দায়ী নন এবং আমি নিশ্চিত যে তিনি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের জঘন্য কাজগুলো করবেন না।" কাস্ত্রো অসুস্থাতার কারণে গত বছর তার ভাই রাউল কাস্ত্রোর হাতে ক্ষমতা হস্তান্তর করেছেন। রাউল বর্তমানে কিউবার প্রেসিডেন্ট। তবে কলাম লেখার মধ্য দিয়ে কিউবায় ফিদেল কাস্ত্রোর শক্তিশালী কণ্ঠ এখনও সরব। ওবামা মঙ্গলবার কিউবার ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার পর কাস্ত্রোর ওই কলামই হাভানার প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। ওবামা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় কিউবান-আমেরিকানরা অবাধে কিউবায় যাওয়া আসা করতে পারবে। এমনকি কিউবায় তাদের আত্মীয়-স্বজনদের অর্থও পাঠাতে পারবে। অন্যদিকে, মার্কিন টেলিকমিউনিকেশন ফার্মগুলোও কিউবায় কাজ শুরু করতে পারবে। কিউবার ওপর বুশ প্রশাসনের কট্টর দৃষ্টিভঙ্গি থেকে এ এক বিরাট পরিবর্তন। ওবামা গত মাসে কিউবার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা শিথিলের বিল সই করার পর এ পদক্ষেপ নিলেন। হোয়াইট হাউসের এ পদক্ষেপে কিউবায় আরোপিত ওয়াশিংটনের বাণিজ্য নিষেধাজ্ঞার অবসান না ঘটলেও এটি দুই শত্র" দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের পট প্রস্তুত করবে বলেই মনে করা হচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেছেন, "কিউবার জনগণের মৌলিক মানবাধিকার পাওয়ার আকাঙ্খার কথা ভেবেই প্রেসিডেন্ট কয়েক ধাপে নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে মনস্থির করেছেন।" যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, নতুন এই পদক্ষেপ কিউবাকে গণতান্ত্রিক সংস্কারে উদ্বুদ্ধ করবে বলে ওবামা আশা করছেন। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে কিউবায় গণতান্ত্রিক সংস্কারের দাবি জানিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৫৭ ঘ.