বারানসি, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের উত্তরাঞ্চলীয় ধর্মতীর্থ বারানসিতে একটি হেলিকপ্টার নেমে আসার সঙ্গে সঙ্গে যেভাবে কয়েক হাজার 'দলিত' হাত নেড়ে উল্লাস প্রকাশ করে মন্ত্রমুগ্ধের মতো সেদিকে ধেয়ে গিয়ে তাদের 'রািন'কে অভিবাদন জানাল তা দেখে মনে হবে যেন আকাশ থেকে সাক্ষাৎ দেবী নেমে এসেছেন। এ রানি আর কেউ নন - উত্তর প্রদেশের 'দলিত' নেত্রী বহুজন সমাজ পার্টির মায়াবতী। যাকে অনেকে বলছেন ভারতের ভাবী প্রধানমন্ত্রী।
মায়াবতী। আগে 'অস্পৃশ্য' বলে পরিচিত সাধারণ 'দলিত' ঘরের মেয়ে। ভারতের বর্ণাশ্রয়ী হিন্দু সমাজব্যবস্থার নিচের ধাপের দলিত মানুষের অধিকারের কথা তার রাজনৈতিক প্রচারপ্রচারণায়। ভারতের লাখ লাখ দলিত মানুষ তাদের জীবনমান ও ভাগ্যবদলের জন্য আসন্ন সাধারণ নির্বাচনে মায়বতীর দলের সাফল্যের প্রত্যাশা করছেন।
হেলিকপ্টার থেকে নেমে সমাবেশে মায়বতী বলেন, " আমাদের মতো করে আপনাদের কথা আর কেউ ভাবে না।"
আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে নির্বাচন। ২০০৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে দলের চমককাড়া বিজয়ের রথ সারাদেশে চালিয়ে নিতে মায়াবতী হেলিকপ্টারে করে দেশের এ প্রান্ত থেকে ওপ্রান্তে ছুটছেন।
নির্বাচনে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে যে কয়টি রাজ্যের ফলাফল গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠবে তার অন্যতম উত্তরপ্রদেশ। পার্লামেন্টে এই রাজ্যেরই আসন সবচেয়ে বেশি। নির্বাচনী রায়ের ক্ষেত্রে রাজ্যটিকে দোদুল্যমান বিবেচনা করা হচ্ছে। মায়াবতীকে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পাশে নিয়েই হয়ত কোন দলকে এবার ক্ষমতায় বসতে হবে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদের জন্য তিনি দরকষাকষিও করতে পারেন।
রাজনৈতিক ভাষ্যকার অনিল ভার্মা বলেছেন, "মায়বতী এবার কেন্দ্রে তার আসন দ্বিগুণ করতে পারলে জোটনেত্রী হওয়ার মতো পর্যায়েও উত্তরণ ঘটতে পারে তার।" ২০০৪ সালের নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে তার দল লোকসভায় ১৯টি আসন পেয়েছিল।
বারনসিতে মায়াবতী দলের এক মুসলমান প্রার্থীর জন্য ভোট চাইতে এসেছিলেন, ওই প্রার্থী খুনের মামলায় বর্তমানে কারাগারে আছেন। চারটি বড় শীতাতপ নিয়ন্ত্রিত মেশিনের সাহায্যে তার মঞ্চটি ঠাণ্ডা রাখার ব্যবস্থা করা হয়। যদিও তার সমর্থকরা ঘণ্টার পর ঘণ্টা প্রচণ্ড রোদে দাঁড়িয়ে পুড়ছিল।
বাবা-মায়ের নয় সন্তানের একজন মায়াবতী আইন বিষয়ে পড়াশোনা করে দলিতদের জন্য সরকারি কোটায় শিক্ষক পদে চাকরি পেয়ে যান। পরে তিনি বহুজন সমাজ পার্টির প্রতিষ্ঠাতার আনুকূল্য পেয়ে নেত্রী হয়ে ওঠেন।
২০০৭ সালের রাজ্য নির্বাচনে জেতার পর তিনি ভারতের অন্যতম বৃহৎ সড়ক প্রকল্প হাতে নেন, পার্ক ও মূর্তিগড়ায় লাখ লাখ রুপি ব্যয় করেন। পাশাপাশি কর্তৃত্ববাদী দণ্ড চারপাশে ঘুরাতে থাকেন।
ব্যক্তিগত সম্পত্তি নিয়ে ইতিমধ্যেই একটি তদন্তের মুখোমুখি হয়েছেন তিনি। তার দু'বছরের শাসনকালে দুর্নীতির ব্যাপক অভিযোগ ওঠায় অনেক তরুণের মধ্যে তার মোহ কেটে যাচ্ছে।
এ সত্ত্বেও দলিতরা তাকে শ্রদ্ধাভরে 'বহেনজি' বলে ডাকে। ভারতের ১৭ কোটি দলিতের কাছে তিনি দেবী হয়ে উঠেছেন। এদের প্রভাবিত করে রাজনীতিতে তার উড্ডয়ন অব্যাহত রয়েছে।
তবে শুধু দলিতের কৃপায়ই নয়, একেবারেই ভিন্নমেরুর, হিন্দু সমাজের সবচেয়ে উঁচু শ্রেণী ব্রাহ্মণদের সঙ্গে জোটবেঁধেই রাজ্যনির্বাচনে জয় পেয়েছিলেন মায়াবতী। তিনি এখন অন্যরাজ্যেও এরকম জোট করার চেষ্টা চালাচ্ছেন।
অনেক দলিতই মনে করেন মায়াবতী এখনো অপ্রতিরোধ্য। উত্তরপ্রদেশে ক্ষমতাসীন কংগ্রেস বা বিরোধী বিজেপির মতো জাতীয় দলের সামান্য উপস্থিতির কারণে তাকে থামানো সম্ভব নয়।
মঁগত রাম নামে একজন দলিত কৃষক বলেন, "বহিনজির সামনে খাড়ানোর মতো কেউ নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/এলকিউ/২০০৫ ঘ.
bdnews24