ইসলামাবাদ, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দলকে সরকারে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। তবে সে সম্ভাবনা কম বলে জানিয়ে সোমবার শরীফের দল বলেছে, বিরোধী দলেই থাকতে চান তারা।
গত মাসে বিরোধীদের দাবি মেনে নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পুনর্বহাল করার মধ্য দিয়ে পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা কমে এসেছে। প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে পুনর্বহাল করা নিয়ে বিরোধে পিপিপি নেতৃত্বাধীন সরকার থেকে বেরিয়ে গিয়েছিল নওয়াজের দল।
প্রধান বিচারপতির পুনর্বহালের ঘটনার পরপরই পাঞ্জাবের প্রাদেশিক সরকারে পুনর্বহাল হওয়ার জন্য শরীফের দলের পথ পরিষ্কার করে দেয় সুপ্রিম কোর্ট। নওয়াজের ভাই শাহবাজ শরীফ পাকিস্তানের সবচেয়ে বড় এবং রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রদেশ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।
নওয়াজের দল পাকিস্তানের মুসলিম লীগকে (পিএমএল-এন) সরকারে ফেরার আহ্বান জানানোর পর রোববার রাতে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী গিলানি বলেন, "দেশের শত্র"দের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য দেশের রাজনৈতিক দলগুলোর এখন হাতে হাত মেলানো উচিত।"
নওয়াজের দলের মুখপাত্র সিদ্দিকুল ফারুক বলেছেন, দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের পরই নওয়াজ প্রধানমন্ত্রীর আহ্বানের বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাবেন। তবে তিনি এটাও বলেন, বিরোধী দলেই থাকতে চাইবে তার দল।
পিএমএল-এন মুখপাত্র বলেন, "আমরা চাই তারা আরও চারবছর সরকার পরিচালনা করুক যাতে নির্বাচনের সময় জনগণ দুই দলের সক্ষমতা আলাদাভাবে বিচারের সুযোগ পায়।"
তিনি আরও বলেন, "আমি মনে করি তারা এটা অনুভব করছে যে তারা সমস্যা সমাধানে সক্ষম নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৬৩০ ঘ.
bdnews24