২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংককে জরুরি অবস্থা, বিক্ষোভ অব্যাহত

থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভকারীদের তাণ্ডবে শনিবার আসিয়ান সম্মেলন বাতিলের পর এবার বিক্ষোভ ঠেকাতে রোববার রাজধানী ব্যংককে জরুরি অবস্থা জারি করেছে প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজ্জাজিভার সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2009, 09:54 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ব্যাংকক, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভকারীদের তাণ্ডবে শনিবার আসিয়ান সম্মেলন বাতিলের পর এবার বিক্ষোভ ঠেকাতে রোববার রাজধানী ব্যংককে জরুরি অবস্থা জারি করেছে প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজ্জাজিভার সরকার। কিন্তু, এরপরও ব্যাংককের বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। সকালে প্রায় ৫০ জনের মতো বিক্ষোভকারী সেনানিরাপত্তা বেষ্টনী ভেদ করে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে ঢুকে পড়ে। প্রধানমন্ত্রী অভিসিৎ সেসময় সেখানে উপস্থিত থাকলেও তিনি একটি গাড়িতে করে পালিয়ে যেতে সক্ষম হন। বিক্ষোভকারীদের থামাতে ফাঁকাগুলি ছোঁড়ে সেনারা। ওদিকে, পুলিশ সদর দপ্তরের সামনেও লালশার্ট পরিহিত বিক্ষোভকারীদের জড়ো হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া, প্রধানমন্ত্রীর কার্যালয় গভর্নমেন্ট হাউসের সামনে বিক্ষোভকারীদের সংখ্যা বেড়ে কয়েক হাজারে পৌঁছে গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এর আগে জাতির উদ্দ্যেশ্যে সাপ্তাহিক ভাষণে অভিসিত ঘোষণা করেন, এই বিক্ষোভ সহিংসতা এবং আসিয়ান সম্মেলন পণ্ড করার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কথা জানান তিনি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক এই বিক্ষোভকারীরা গত বছরের ডিসেম্বরে অভিসিৎ ক্ষমতায় আসার পর থেকেই তার পদত্যগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দেশটির ক্ষমতা দখল করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫৩০ ঘ.