লন্ডন, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকায় তামিল টাইগার গেরিলাদের সঙ্গে সেনাবাহিনীর যুদ্ধবিরতির দাবিতে ব্রিটেনের রাজধানীতে শনিবার এক বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছে প্রায় লাখখানেক মানুষ।
লন্ডন এবং অন্যান্য শহরে তামিল এবং তাদের সমর্থকদের সপ্তাহব্যাপী বিক্ষোভ-সমাবেশের মধ্যে শনিবার সেন্ট্রাল লন্ডনের এ পদযাত্রাটিই ছিল বৃহত্তম।
শ্রীলংকার সেনাবাহিনী জানিয়েছে, সেনারা লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই) গেরিলাদের দ্বীপ দেশটির উত্তরাঞ্চলের কয়েক বর্গকিলোমিটারের ছোট্ট একটি এলাকায় কোনঠাসা করে ফেলেছে। ২৫ বছরের গৃহযুদ্ধের অবসানে এখন কেবল চূড়ান্ত বিজয়ের অপেক্ষা।
কিন্তু, জাতিসংঘ বলেছে ওই যুদ্ধাঞ্চলটিতে প্রায় এক লাখ বেসামরিক লোককে আটকে রেখে মানবঢাল হিসেবে ব্যবহার করছে গেরিলারা।
ব্রিটিশ তামিল গ্র"প আয়োজিত ওই সমাবেশ-পদযাত্রায় তামিল ছাড়াও এ ইস্যুতে তামিলদের সমর্থক অন্যান্য বহু মানুষ অংশ নেয়। তামিলদের লাল পাতাকা আর বিভিন্ন দাবি দাওয়া লেখা প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে মিছিল করতে করতে সেন্ট্রাল লন্ডনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা।
একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, "শ্রীলংকায় তামিলদের গণহত্যা বন্ধ কর"। আরেক বিক্ষোভকারী কার্ডবোর্ডের বক্সে একটি রক্তাক্ত শিশু পুতুল বহন করছিল।
ব্রিটিশ পুলিশ জানিয়েছে, সমাবেশটিতে প্রায় ১,০০,০০০ লোক অংশ নিয়েছে। জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সমাবেশ থেকে ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান পুলিশের এক মুখপাত্র।
গত সোমবার থেকে লন্ডনে বিক্ষোভ করে আসছে তামিলরা। সেদিন ব্রিটিশ পার্লামেন্টের বিখ্যাত বিগবেন ঘড়িটাওয়ারের কাছের একটি সেতু অবরোধ করে ফেলে প্রায় ৩,০০০ বিক্ষোভকারী।
শ্রীলংকায় তামিলদের সঙ্গে যুদ্ধবিরতির দাবিতে গত মঙ্গলবার থেকে লন্ডনে অনশন করছে দুই তামিল। তারা মারাত্মক স্বাস্থ্য হুমকির মধ্যে পড়তে পারে চিকিৎসকদের এমন সতর্কতার পর গত শুক্রবার থেকে শুধুমাত্র পানীয় পানে সম্মত হয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমডি/১২০১ ঘ.
bdnews24