২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবার প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন কংগ্রেস দলের সাক্ষাৎ

মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দল সোমবার কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সঙ্গে দেখা করেছেন। এই সাক্ষাৎকারকে দুই দেশের সম্পর্কের বরফ গলার লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। রাউল প্রেসিডেন্টের দায়িত্বভার নেওয়ার পর এটাই মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তার প্রথম বৈঠক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2009, 11:56 AM

Updated : 26 Aug 2022, 11:17 AM

হাভানা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দল সোমবার কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সঙ্গে দেখা করেছেন। এই সাক্ষাৎকারকে দুই দেশের সম্পর্কের বরফ গলার লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। রাউল প্রেসিডেন্টের দায়িত্বভার নেওয়ার পর এটাই মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তার প্রথম বৈঠক। মার্কিন প্রতিনিধি পরিষদের ছয় কৃষ্ণাঙ্গ ডেমোক্র্যাট সদস্যকে রাউল স্বাগত জানান। পাঁচ দশক ধরে চলা দুই দেশের তিক্ত সম্পর্ক স্বাভাবিক করার উপায় সন্ধানে প্রতিনিধি পরিষদের সদস্যরা গত সপ্তাহে কিউবায় গিয়েছেন। কিউবার টেভিভিশনের প্রতিবেদনে দেখানো হয়েছে, বিজনেস স্যুট পরা রাউল কংগ্রেস-দলটির সঙ্গে বসে আছেন। তাদের মধ্যে কী আলোচনা হয়েছে প্রতিবেদনে তার উল্লেখ ছিল না। প্রতিনিধি দলের নেতা বারবারা লী বলেছেন, তারা প্রেসিডেন্ট বারাক ওবামার কোন বার্তা নিয়ে আসেননি। তারা কিউবানদের কথা "শুনতে ও বলতে" এসেছেন। রাউলের বড়ভাই ফিদেল ক্যাস্ত্রো অসুস্থ হয়ে পড়ায় ২০০৮ সালের ফেব্র"য়ারিতে তিনি প্রেসিডেন্ট পদে তার স্থলাভিষিক্ত হন। ফিদেল রোববার ইন্টারনেটে প্রকাশিত এক লেখায় বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ভীত নয় কিউবা। মার্কিন সিনেটর রিচার্ড লুগার কিউবার সঙ্গে আলোচনা শুরু করার জন্য যুক্তরাষ্ট্রকে নতুন নীতি গ্রহণ করতে আহ্বান জানানোয় ফিদেল তার প্রশংসাও করেন। 'প্রায় অর্ধশতাব্দী ধরে কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া সব ব্যবস্থা পুরোপুরি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।' লুগারের এই বক্তব্যের প্রশংসায় ফিদেল বলেন "তার পা মাটিতে পড়েছে। "নরম বা সমাজতন্ত্রপন্থি" এই ধরনের সমালোচনার কবলে পড়বেন বলেও ভয় পাননি তিনি। তিনি বলেন, "কিউবা যা সবসময় বলে আসছে তা আর জোর দিয়ে বলার দরকার নেই: আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসতে ভীত নই। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্কও জিইয়ে থাকুক তাও আমরা চাই না। কিন্তু অনেক বেকুব এটা মনে করে।" "লোকজনের মধ্যে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সংলাপই একমাত্র পথ" লিখেছেন কিউবান সমাজতান্ত্রিক বিপ্লবের এই নেতা। যুক্তরাষ্ট্রের সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সিনিয়র রিপাবলিকান সদস্য লুগার গত সপ্তাহে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি কিউবার বিষয়ে নতুননীতি গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, "বিদ্যমাননীতি মানবাধিকার বা গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই শুধু ব্যর্থ হয়নি, বৃহত্তর অর্থে আমাদের নিরাপত্তা ও রাজনৈতিক স্বার্থেরও ক্ষতি হয়েছে এতে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮০০