এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ত্রো রোববার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ভীত নয় কিউবা। মার্কিন সিনেটর রিচার্ড লুগার কিউবার সঙ্গে আলোচনা শুরু করার জন্য যুক্তরাষ্ট্রকে নতুন নীতি গ্রহণ করতে আহ্বান জানানোয় ফিদেল তার প্রশংসাও করেছেন।
'প্রায় অর্ধশতাব্দী ধরে কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া সব ব্যবস্থা পুরোপুরি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।' লুগারের এই বক্তব্যের প্রশংসায় ক্যাস্ত্রো লিখেছেন "তার পা মাটিতে পড়েছে। "নরম বা সমাজতন্ত্রপন্থি" এই ধরনের সমালোচনার কবলে পড়বেন বলেও ভয় পাননি তিনি।
ইন্টারনেটে প্রকাশিত নিবন্ধে ক্যাস্ত্রো বলেন, "কিউবা যা সবসময় বলে আসছে তা আর জোর দিয়ে বলার দরকার নেই: আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসতে ভীত নই। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্কও জিইয়ে থাকুক তাও আমরা চাই না। কিন্তু অনেক বেকুব এটা মনে করে।"
"লোকজনের মধ্যে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সংলাপই একমাত্র পথ" লিখেছেন ক্যাস্ত্রো।
যুক্তরাষ্ট্রের সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সিনিয়র রিপাবলিকান সদস্য লুগার গত সপ্তাহে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি কিউবার বিষয়ে নতুননীতি গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, "বিদ্যমাননীতি মানবাধিকার বা গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই শুধু ব্যর্থ হয়নি, বৃহত্তর অর্থে আমাদের নিরাপত্তা ও রাজনৈতিক স্বার্থেরও ক্ষতি হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৪৮ ঘ.
bdnews24