কলম্বো, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেসামরিক নাগরিকদের জন্য নির্দিষ্ট একটি নিরাপদ এলাকার (নো ফায়ার জোন) মধ্যে তামিল টাইগারদের ঘিরে ফেলেছে বলে রোববার দাবি করেছে শ্রীলংকার সেনাবাহিনী। ২৫ বছরের বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ এখানেই শিগগিরি শেষ হতে চলেছে বলে তারা জানিয়েছে।
সেনাবাহিনী জানায়, ত্রিভূজ আকৃতির একটি ছোট অঞ্চলের মধ্যে আটকে ফেলা বিদ্রোহিদের সঙ্গে গত তিনদিন সেনাবাহিনীর তিনটি ইউনিটের যুদ্ধে কমপক্ষে ৪২০ তামিল টাইগার নিহত হয়েছে।
সেনাবাহিনীর দাবি অনুযায়ী, দেশের উত্তর-পূর্ব উপকূলে ২০ বর্গকিলোমিটারেরও কম জায়গার মধ্যে আটকে পড়েছে টাইগাররা। তবে জাতিসংঘ জানিয়েছে, মানব ঢাল হিসেবে ব্যহহারের জন্য টাইগাররা এক লাখেরও বেশি বেসামরিক মানুষকে ওই এলাকায় জোর করে আটকে রেখেছে।
সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়াক্কারা বলেন, "গত তিন দিনে আমরা বিদ্রোহিদের ৪২০টির বেশি মৃতদেহ উদ্ধার করেছি। এখন 'নো ফায়ার জোন' ছাড়া আর সব এলাকা বিদ্রোহী মুক্ত।"
'লিবারেশন টাইগারস অব তামিল ইলম' বা এলটিটিই'র নেতা ভেলুপিল্লাই প্রভাকরণের নিরাপত্তা প্রধান গাদ্দাফি, সংগঠনের নারী শাখার প্রধান বিদূষা এবং কমান্ডার থিপানকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী।
প্রভাকরণও সেখানে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সেনারা জ্বালিয়ে দেওয়া একটি বুলেটপ্র"ফ গাড়ি উদ্ধার করেছে যেটা তিনি ব্যবহার করতেন বলে সেনারা মনে করেছ।
এছাড়া, রাষ্ট্র পরিচালিত 'সানডে অবজারভার' পত্রিকা জানিয়েছে, সেনারা প্রভাকরণের জন্ম নিবন্ধনপত্র এবং ছবির অ্যালবাম উদ্ধার করেছে।
তবে এসব বিষয়ে টাইগারদের বক্তব্য জানা যায়নি। হতাহতের বিষয়ে সেনাবাহিনীর দেওয়া তথ্য যাচাই করাও সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৩৯ ঘ.
bdnews24