নিউ ইয়র্ক, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বিংহামটন শহরে একটি অভিবাসী সেবাদানকারী প্রতিষ্ঠানে শুক্রবার এক বন্দুকধারী বেপরোয়া গুলি চালিয়ে কমপক্ষে ১৩ জনকে হত্যা করেছে। পরে সে আত্মহত্যা করে। বিংহামটন কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
ওই ঘটনায় আরও চার ব্যক্তি গুরুতর আহত হয়েছে জানিয়েছে পুলিশ।
পুলিশ প্রধান যোসেফ জিকুস্কি এক সংবাদ সম্মেলনে জানান, ওই ব্যক্তি সেবাদান কেন্দ্রের পেছনের দরজা গাড়ি দিয়ে বন্ধ করে রেখে ভেতরে প্রবেশ করে দুই অভ্যর্থনাকারীকে গুলি করে। এদের একজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। এরপর ক্লাসরুমে ঢুকে আরও ১২ জনকে হত্যার পর নিজে আত্মহত্যা করে ।
ভবনটিতে জিম্মি করে রাখা ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
তিনি বলেন, "হামলার উদ্দেশ্য সম্পর্কে আমরা কিছু জানিনা।" একইসঙ্গে তিনি আরও জানান, সেবাদানকারী প্রতিষ্ঠানটিতে হামলাকারীর যাতায়াত ছিল বলে মনে করছেন তিনি।
প্রতিনিধি পরিষদের স্থানীয় সদস্য মরিস হিনসি নিউ ইয়র্ক টাইমসকে জানান, বন্দুকধারীকে ভিয়েতনামী অভিবাসী বলে মনে করা হচ্ছে এবং গাড়িটি তার বাবার নামে নিবন্ধিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১১৫৮ ঘ.
bdnews24