সউল, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রকেট উৎক্ষেপণে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। শনিবার সকালেই তারা এটি উৎক্ষেপণ করতে পারে বলে মনে করা হচ্ছে। দূর পাল্লার রকেটে ইতোমধ্যেই জ্বালানি ভরা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে সিএনএন। জাতিসংঘ প্রস্তাবনা লঙ্ঘন করে এই রকেট উৎক্ষেপণের জবাবে যুক্তরাষ্ট্র ও অন্যান্যদের কাছ থেকে শাস্তির হুমকির মুখেও উত্তর কোরিয়া এ পদক্ষেপ নিচ্ছে।
পিয়ংইয়ং বলছে, তারা ৪ থেকে ৮ এপ্রিলের মধ্যে কক্ষপথে উপগ্রহ পাঠাবে। কিন্তু যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের ধারণা, উপগ্রহের আড়ালে উত্তর কোরিয়া দূর-পাল্লার তায়েপডং-২ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে। এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মাটিতেও আঘাত হানতে সক্ষম।
সিএনএন এ বুধবার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, রকেটে জ্বালানি ভরার মধ্য দিয়েই এটি খুব শিগগিরি উৎক্ষেপণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
দক্ষিণ কোরিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেছেন, "এটি অত্যাসন্ন বলেই মনে করছি আমরা। তারা রকেট উৎক্ষেপণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।"
অন্যদিকে, নাম প্রকাশে অনিচছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে বলেন, "তারা ৪ এপ্রিলে মহাকাশে নভোযান পাঠানোর সঙ্গে সঙ্গতিপূর্ণ সবকিছুই করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫১১ ঘ.
bdnews24