জেরুজালেম, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে যাওয়া বেনইয়ামিন নেতানিয়াহু বুধবার বলেছেন, ফিলিস্তিনিদের "শান্তির অংশীদার" হবে তার নতুন সরকার।
সরকার গঠনের জন্য মধ্য-বাম লেবার দলকে রাজনৈতিক অংশীদার হিসেবে পাওয়ার একদিন পর জেরুজালেমে এক বক্তৃতায় নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনি অর্থনীতিতে গতি সঞ্চার করার ব্যাপারটিকে তিনি শান্তি আলোচনার বিকল্প হিসেবে দেখতে চান না।
"আমাদের সরকারের শান্তি আলোচনা, নিরাপত্তা, এবং ফিলিস্তিনি অর্থনীতির দ্রুত বিকাশের ক্ষেত্রে তারা যে অংশীদার তা ফিলিস্তিনিদের উপলব্ধি করা উচিত বলে আমি মনে করি।"
ডানপন্থী লিকুদ দলের নেতা নেতানিয়াহু আরও বলেন, "শান্তি সর্বশেষ লক্ষ্য নয়। ইসরায়েলি জনগণ এবং আমার সরকারসহ সব ইসরায়েলি সরকারের কাছে এটি সাধারণ ও সবসময়ের লক্ষ্য।"
নেতানিয়াহু অবশ্য এখন পর্যন্ত ইসরায়েল-ফিলিস্তিন সমস্যার দ্বিরাষ্ট্রিক সমাধানের প্রতি সমর্থন ঘোষণা থেকে বিরত রয়েছেন। সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের নেওয়া উদ্যোগের এটিই মূল বিষয়। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার এই ফর্মুলার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭১৩ ঘ.
bdnews24