ওয়াশিংটন, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে প্রতিবছর লাখ লাখ অভিবাসী আটক মানবাধিকারের লঙ্ঘন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএসএ বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
'জেইলড উইদাউট জাস্টিস: ইমিগ্রেশন ডিটেনশন ইন দ্য ইউএসএ" নামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, দিনে গড়ে ৩০ হাজারেরও বেশি অভিবাসী আটক রাখা হয়। এ সংখ্যা এক দশক আগের তুলনায় তিনগুণ বেশি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএসএর'র পরিচালক ল্যারি কক্স বলেন, "নিজ দেশে মানবাধিকার লঙ্ঘনের এই ব্যাপক হার দেখে যুক্তরাষ্ট্রেরই আঁতকে ওঠা উচিত।"
তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকেই অভিবাসীদের দেশ। আর তারা সেখানে আছে পাঁচ বছর কিংবা পাঁচ প্রজন্ম ধরে। তাই তাদের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখানো উচিত।"
অ্যামনেস্টি জানায়, যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তারা প্রতি বছর ৩ লাখেরও বেশি মানুষকে আটক করে।
এদের মধ্যে আছে রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা, নির্যাতন থেকে বেঁচে আসা, পাচারের শিকার হওয়া লোকজন, দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বসবাসকারী অধিবাসীরাসহ মার্কিন নাগরিক সন্তানের বাবা-মায়েরা।
প্রতিবেদনে বলা হয়, অবৈধ অভিবাসন ঠেকানোর হাতিহায় হিসাবে ব্যাপকহারে অভিবাসী আটকের এই পন্থা আন্তর্জাতিক মানবাধিকার আইনসম্মত নয়।
এতে আরও বলা হয়, প্রতিবছর মার্কিন নাগরিকসহ লাখ লাখ মানুষ যুক্তরাষ্ট্রের অভিবাসী কয়েদখানায় আটক থাকে। তাদের আটকাদেশের প্রয়োজনীয়তা শুনানির মাধ্যমে নিশ্চিত করার সুযোগও তারা পায় না।
অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের আটক করার প্রয়োজনীয়তার বিষয়টি শুনানির মাধ্যমে নিশ্চিত করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।
অ্যামনেস্টি ইউএসএ'র 'ইমিগ্রেন্টস অ্যান্ড রিফিউজি রাইটস' এর পলিসি ডিরেক্টর সেরনাটা রেনল্ডস জানান, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর থেকেই অভিবাসী আটক বাড়িয়েছে মার্কিন কর্মকর্তরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৩৪ ঘ.
bdnews24