ইসলামাবাদ, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি শনিবার জানিয়েছেন, পাঞ্জাব প্রদেশে কেন্দ্রীয় শাসন অবসানের জন্য তিনি সুপারিশ করবেন। একই সঙ্গে নওয়াজ শরীফের দলকে প্রাদেশিক ক্ষমতায় ফিরতে তিনি সমর্থন দেবেন।
গত ফেব্র"য়ারিতে সুপ্রিম কোর্ট সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং তার ভাই শাহবাজ শরীফকে নির্বাচিত পদে অযোগ্য ঘোষণার পর পাঞ্জাবে কেন্দ্রীয় শাসন জারি করেন জারদারি। পাকিস্তানের সবচেয়ে জনবহুল এবং দেশের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী এই রাজ্যে ক্ষমতায় ছিল নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এবং তার ভাই শাহবাজ ছিলেন মুখ্যমন্ত্রী।
পাঞ্জাবে সরকার ভেঙে দিয়ে কেন্দ্রীয় শাসন জারি করে প্রতিদ্বন্দ্বী নওয়াজের সঙ্গে নতুন করে সংঘাতে জড়িয়ে পড়েন জারদারি। এরপরই আইনজীবীদের ডাকা বিক্ষোভে সক্রিয়ভাবে যোগ দিয়ে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলে নওয়াজের দল।
আন্দোলনের চূড়ান্ত মূহুর্তে আইনজীবীদের দাবি মেনে নিয়ে বরখাস্ত প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে স্বপদে পুনর্বহালের ঘোষণা দেয় সরকার। তখন থেকে প্রধান দুই দলের মধ্যে উত্তেজনা আবার কমতে শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৯৩১ ঘ.
bdnews24