লাহোর, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের লাহোরে সোমবার সকালে বন্দুকধারীদের হামলার পর পুলিশ প্রশিক্ষণ একাডেমির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে নিরাপত্তা বাহিনী। হামলায় নিহতের সংখ্যা ২৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির বেসরকারি টিভি জিও। তারা আরো জানায়, এ ঘটনায় কমপক্ষে ৯০ জন আহত হয়েছে। বন্দুকধারীদের অবরুদ্ধ করার কিছুক্ষণ পরই নিরাপত্তা বাহিনী একাডেমির নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার কথা জানিয়েছে। (আরো তথ্যসহ-৪)
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সচিব কামাল শাহ রয়টার্সকে বলেছেন, "অভিযান শেষ। ৪ সন্ত্রাসী নিহত এবং তিনজন গ্রেপ্তার হয়েছে। তিনি জানান, ৮৯ জন পুলিশ আহত হয়েছে। তবে কয়জন নিহত হয়েছে তা এখনও নিশ্চিত জানা যায়নি।
এর আগে জিও টিভি ১৫ থেকে ২০ জন হামলাকারী একাডেমিটির ভেতরে অবস্থান নিয়ে থাকার কথা জানায়। সেনাবাহিনী ও অধাসামরিক বাহিনীর সেনারা প্রশিক্ষণ কেন্দ্রটি কয়েকঘন্টা অবরুদ্ধ করে রাখে। আশেপাশের ভবনগুলোর ছাদের ওপর থেকে গুলিবর্ষণ করা হয়। পাল্টা গুলি ও গ্রেনেড হামলা চালায় বন্দুকধারীরাও।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। কারফিউ জারি করা হয় ঘটনাস্থলের আশপাশে। এছাড়া আশপাশের লোকজনকেও নিরাপদে সরে যাওয়ার আহ্বানও জানানো হয়।
তবে কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এ হামলার নিন্দা জানিয়েছেন।
এর আগে স্থানীয় সময় সকাল ১১ টার দিকে নিরাপত্তা কর্মকর্তারা জানান, হামলাকারীরা একাডেমি ভবনে অবস্থান নিয়ে গুলি চালাচ্ছে। ঘটনাস্থলের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ এবং আকাশে টহল দিচ্ছে সামরিক হেলিকপ্টার।
একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, হামলাকারীদের কয়েকজন একাডেমির ভেতরে ঢুকে গ্রেনেড ছুড়ে গুলিবর্ষণ শুরু করে।
পুলিশ প্রশিক্ষণ একাডেমিটি ভারত সীমান্তের কাছে অবস্থিত। পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলো জানিয়েছে, হামলাকারীদের বেশ কয়েকজন পুলিশের পোশাক পরা ছিল।
একটি টেলিভিশন চ্যানেলে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে একাডেমির প্যারেড গ্রাউন্ডে পড়ে থাকার দৃশ্য দেখানো হয়েছে।
নিউজ চ্যানেলগুলোতে দেখা গেছে, পুলিশ একজন সন্দেহভাজনকে আটক করেছে। তার কাছে আফগান পাসপোর্ট এবং গ্রেনেড পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/জিএনএ/এলকিউ/১৬৫৮ ঘ.
bdnews24