জেনেভা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জনবহুল গাজায় ইসরায়েলের সামরিক অভিযান মারাত্মক যুদ্ধপরাধের পর্যায়ে পড়ে। জাতিসংঘের মানবাধিকার তদন্ত কর্মকর্তা বৃহস্পতিবার একথা বলেছেন।
ফিলিস্তিন অঞ্চলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত রিচার্ড ফাক বলেন, "জেনেভা কনভেনশনের আওতায় বিবাদমান দুপক্ষকে সামরিক ও বেসামরিক লক্ষ্যস্থল আলাদা করে চিহ্নিত করতে হয়। তা করা সম্ভব না হলে এবং তারপরও হামলা চালানো হলে তা স্বভাবতই বেআইনি এবং আন্তর্জাতিক আইনের আওতায় তা সর্বোচ্চ পর্যায়ের যুদ্ধপরাধ বলে গণ্য হতে পারে।"
জাতিসংঘের মানবাধিকার পরিষদে জমা দেওয়া ২৬ পাতার বার্ষিক প্রতিবেদনে রিচার্ড লেখেন, "প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে এ ধরনের উপসংহার টানার কারণ আছে।"
গত ডিসেম্বর ও জানুয়ারিতে গাজায় ইসরায়েলি হামলার পর ফিলিস্তিনি মানবাধিকার পরিষদ ফিলিস্তিনি নিহতের যে পরিসংখ্যান দিয়েছিল রিচার্ড ফাকও সেই একই পরিসংখ্যান দিয়েছেন। ইসরায়েলের ওই অভিযানে ১,৪৩৪ ফিলিস্তিনি নিহত হয়।
ইসরায়েল ফিলিস্তিনি নিহতের এই পরিসংখ্যানের সঙ্গে একমত নয়। তারা গাজা অভিযানের সময় ফিলিস্তিনিদেরকে মানব ঢাল হিসাবে ব্যবহারের জন্য হামাস যোদ্ধাদেরকে দোষারোপ করেছে।
রিচার্ড ফাক এই অভিযোগ তদন্ত করে দেখা উচিত বলে মন্তব্য করেছেন।
তিনি গাজায় ইসরায়েলি হামলাকে অত্যন্ত জনবহুল এলাকায় বড় ধরনের হামলা বলে বর্ণনা করেছেন। যাতে ওই এলাকার সাধারন জনগণ এক অমানবিক যুদ্ধের শিকার হয়েছে। এতে তারা নিহত হয়েছে, পঙ্গু হয়েছে এবং মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে। সব সীমান্ত বন্ধ থাকার কারণে লোকজন ক্ষয়-ক্ষতির হাত থেকে পালিয়ে বাঁচতে পারেনি।
রিচার্ড বলেন, "যুদ্ধক্ষেত্র থেকে লোকজনের পালানোর অধিকার না দেওয়াটাও মানবতার বিরুদ্ধে অপরাধ বলে গণ্য হতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৯ ঘ.
bdnews24