ওয়াশিংটন, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কয়েক দশকের মার্কিন নীতি পাল্টে দিতে শুক্রবার এক ভিডিও টেপে ইরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক যোগাযোগ শুরুর নজিরবিহীন প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
ভিডিও বার্তায় ওবামা বলেন, "আমার প্রশাসন এখন কূটনীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। যার মধ্য দিয়ে সব বিষয় পরিপূর্ণভাবে আমাদের সামনে আসবে এবং গঠনমূলক সম্পর্ক গড়ে উঠবে।"
পারমাণুবিক কর্মসূচি এবং মুসলিম জঙ্গি দলগুলোর প্রতি ইরানের সমর্থন নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের তিক্ত বিরোধ চলে আসছে। ওবামা ২০ জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেওয়ার পর এ ভিডিওবার্তার মধ্য দিয়ে ইরানের প্রতি সমপ্রীতির হাত আরও একধাপ বাড়ালেন।
ইরানকে 'শয়তানের অক্ষচক্রের' দেশ আখ্যা দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যে 'একঘরে' নীতি নিয়েছিলেন তা থেকে অনেকটাই সরে এসে ইরানের সঙ্গে খোলামনে সরাসরি কূটনৈতিক যোগাযোগ শুরুর আগ্রহ দেখাল ওবামা প্রশাসন।
সরাসরি ইরানের নেতা ও জনগণকে উদ্দেশ্য করে ওবামা বলেন, "এই প্রক্রিয়া হুমকি-ধামকির পথে চলবে না। এর বদলে আমরা সততা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে কাজ করব।"
সংহতির সুরে ওবামা বলেন, "আমি সরাসরি ইসলামিক রিপাবলিক অব ইরানের জনগণ ও নেতাদের সঙ্গে কথা বলতে আগ্রহী। আমরা একটি নব সূচনার প্রতিশ্রুতি দিতে চাই।"
ইরানের মতো যুক্তরাষ্ট্রের শত্র"দেশের সঙ্গে ওবামার কথা বলার আগ্রহকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।
ভিডিওতে ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্ব সম্প্রদায়ে ইরানকে সঠিক অবস্থানে দেখতে চায়। তবে তিনি জোর দিয়ে বলেন, এজন্য ইরানকেই সংহতির হাত বাড়াতে হবে।
ওবামা বলেন, "আপনাদের অধিকার আছে। কিন্তু সেটি সত্যিকারের দায়িত্বশীলতা দিয়েই পেতে হবে। সন্ত্রাস কিংবা অস্ত্র দিয়ে অর্জন করা যাবে না। শান্তিপূর্ণ কর্মকান্ড যাতে ইরানি জনগণ এবং সভ্যতার সত্যিকারের মাহাত্ম্য ফুটে ওঠে তা দিয়েই ওই স্থান অধিকার করতে হবে।"
এর আগে ইরানের সঙ্গে সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত দিয়ে খুব শিগগিরই দেশটির কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের যোগাযোগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চিন্তা করার কথা জানায় ওবামা প্রশাসন।
বর্তমান পরিকল্পনা অনুসারে ইরান ইস্যুতে ইতিবাচক মনোভাব দেখানো হবে। এর মধ্যে রয়েছে এ মাসের শেষ নাগাদ আফগানিস্তান নিয়ে একটি সম্মেলনে দেশটিকে আমন্ত্রণ জানানো। পাশাপাশি পূর্ব অনুমতি ছাড়াই যুক্তরাষ্ট্র ও ইরানের প্রাথমিক ও মাঝারি পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগের বিষয়টি চালূ করা।
নির্বাচনী প্রচারণার সময় থেকেই ওবামা ইরানের সঙ্গে সরাসরি আলোচনাসহ ইরাননীতিতে পরিবর্তনের কথা বলে আসছিলেন। এ মাসে ইরানকে আফগানিস্তান সম্মেলনে অন্তর্ভুক্ত করার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী হিলারির ঘোষণার মধ্য দিয়ে প্রথম তার নমুনা পাওয়া যায়।
শুক্রবারের ভিডিওটেপে ওবামা ইরানের প্রতি সুনির্দিষ্ট কোনও প্রস্তাব দেননি। তবে ওবামা বলেন, তিনি ভবিষ্যতে ইরান ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে নতুন করে আদান-প্রদান, অংশীদারিত্ব ও বাণিজ্যের বৃহত্তর সুযোগ সন্ধান করছেন।
তবে এটি খুব সহজেই অর্জন করা যাবে না বলেও ওবামা স্বীকার করেন।
কারণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ এখনও নিস্পত্তি হয়নি। ইরান বেসমরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে বলে যুক্তরাষ্ট্রের সন্দেহ। কিন্তু ইরান এ কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে বলে দাবি করে আসছে।
ভিডিওবার্তায় ওবামা যুক্তরাষ্ট্রের চিহ্নিত সন্ত্রাসী সংগঠনগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধ করার ওপর জোর দেন এবং যুক্তরাষ্ট্র ও ইরায়েলের প্রতি ইরানের কটাক্ষ বন্ধ করার আহ্বান জানান।
১৯৭৯-১৯৮১ সালে একদল জঙ্গি ইরানি ছাত্রের হাতে ৫২ জন মার্কিন কূটনীতিক জিম্মির ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কূটনৈতিক যোগাযোগ ছিন্ন হয়।
ওবামা বলেছেন, ইরান তার মুষ্ঠি গুটিয়ে নিলে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে শান্তির হাত বাড়াতে প্রস্তুত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৫২ ঘ.
bdnews24