কাবুল, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে বিদেশি সেনা বাড়িয়ে নিরাপত্তা সমস্যা সমাধান করা যাবে না এবং যেসব দেশের সেনারা সেখানে রয়েছে তাদের উচিত দেশটির উন্নয়ন ও অর্থনীতির ওপর বেশি জোর দেওয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সোমবার একথা বলেছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিরল সফরে ল্যাভরভ একথা বলেন।
তিনি আরও বলেন, ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সেনা কমান্ডের অধীন বিদেশি সেনাদের উচিত আফগান সরকারের কথামতো কাজ করা এবং সরকারের সঙ্গে চুক্তির ভিত্তিতে ব্যবস্থা নেওয়া।
আফগানিস্তানের লড়াইয়ে বিদেশি সেনা অভিযানে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা নিয়ে কারজাই সরকার ও পশ্চিমারা বিরোধে জড়িয়েছে। সাধারন আফগানরাও এতে ক্ষুব্ধ। প্রেসিডেন্ট হামিদ কারজাই বরাবরই অভিযান চালানোর সময় বিদেশি সেনাদেরকে আরও সতর্ক থাকার অনুরোধ জানিয়ে আসছেন।
কাবুল সফরকালে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রঙ্গিন দাদফার স্পন্টার সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে ল্যাভরভ আফগানিস্তানের প্রতি রাশিয়ার দীর্ঘমেয়াদি প্রতিশ্র"তিতে অটল অবস্থান ব্যক্ত করার পাশাপাশি মস্কো ও কাবুলের মধ্যে নতুন করে সম্পর্ক সুসংহত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি বলেন, "আজ আমরা আলোচনার মধ্য দিয়ে আমাদের সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় করতে এবং এ অঞ্চলে বিরাজমান হুমকি যৌথভাবে মোকাবেলা করতে একমত হয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৫ঘ.
bdnews24