২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কৌশল নিতে ইইউকে যুক্তরাষ্ট্রের প্রস্তাব

ইরাক যুদ্ধ এবং গুয়েনতানামো বন্দিশিবির নিয়ে সৃষ্ট মতপার্থক্যকে পাশে সরিয়ে রেখে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের পদ্ধতিগত বিষয়ে নতুন করে ঐক্যবদ্ধ হতে ইউরোপীয় নেতাদের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা মঙ্গলবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 11:11 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ওয়াশিংটন, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাক যুদ্ধ এবং গুয়েনতানামো বন্দিশিবির নিয়ে সৃষ্ট মতপার্থক্যকে পাশে সরিয়ে রেখে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের পদ্ধতিগত বিষয়ে নতুন করে ঐক্যবদ্ধ হতে ইউরোপীয় নেতাদের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা মঙ্গলবার একথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র চাইছে কিউবায় গুয়েনতানামো মার্কিন কারাগারের বন্দিদের ইউরোপীয় দেশগুলোও গ্রহণ করুক। এ নিয়ে দুই পক্ষের আলোচনার সময় ইইউ নেতাদের এ প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে বলে জানানো হয়েছে। এক বছরের মধ্যে গুয়েনতানামো বন্দিশিবির বন্ধ করার আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বন্দিদের নির্মমপন্থায় জিজ্ঞাসাবাদ করা বন্ধেরও নির্দেশ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডারের সঙ্গে বৈঠকের পর ইউরোপিয়ান জাস্টিস অ্যান্ড সিকিউরিটি কমিশনার জ্যাকুইস ব্যারোট বলেন, "যুক্তরাষ্ট্র সত্যিই সবকিছুতে পরিবর্তন চাইছে। সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধ কৌশলও তারা পরিবর্তন করতে চাইছে।" গুয়েনতানামো বন্দিশিবির বন্ধের প্রক্রিয়াটি তদারকি করছেন হোল্ডার। ব্যারোট বলেন, "অতীতের ভুলের পুনরাবৃত্তি ঘটবে না, এই বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই কেবল আমরা কোনো বন্দির দায়িত্ব গ্রহণ করব।" ব্যারোট এবং ইইউ প্রেসিডেন্টের দায়িত্বে থাকা চেক স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ল্যাঙ্গার জানিয়েছেন, আলোচনার সময় সন্ত্রাসবাদ নিয়ে যৌথ ঘোষণার ধারণাটি দিয়েছেন যুক্তরাষ্ট্রে উপ-পররাষ্ট্রমন্ত্রী জেমস স্টেইনবার্গ। ব্যারট বলেন, "এটি এখনো একটি প্রস্তাব.. যা সমঝোতা স্মারক হিসেবেই তৈরি করা হতে পারে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের উভয়ের যুদ্ধে এটি আগ্রহ সৃষ্টি করবে।" ইউরোপের কয়েকটি সরকার বিশেষ করে ফ্রান্স ও জার্মানি ইরাক যুদ্ধের বিরোধিতা করেছিল। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাক যুদ্ধকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধের অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলেও তারা এটা মেনে নিতে পারেনি। এছাড়া গুয়েনতানামো মার্কিন কারাগারে বন্দিদের ওপর নির্যাতনের বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের নিন্দা করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৬১৫ ঘ.