২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বতে নাক গলানোর ব্যাপারে চীনের হুঁশিয়ারি

তিব্বতে পশ্চিমাদের নাক গলানোর ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছে চীন। তিব্বতের রাজধানী লাসায় ভয়াবহ দাঙ্গার এক বছর পূর্তির দিন শনিবার কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে অঞ্চলটিকে বাকি বিশ্ব থেকে রুদ্ধ করে দেওয়ার পাশাপাশি এই হুঁশিয়ারি দেওয়া হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 01:48 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

বেজিং, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- তিব্বতে পশ্চিমাদের নাক গলানোর ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছে চীন। তিব্বতের রাজধানী লাসায় ভয়াবহ দাঙ্গার এক বছর পূর্তির দিন শনিবার কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে অঞ্চলটিকে বাকি বিশ্ব থেকে রুদ্ধ করে দেওয়ার পাশাপাশি এই হুঁশিয়ারি দেওয়া হলো। চীনা কর্মকর্তারা আগের দিন ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতি ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বলেছে, তিব্বতে অস্ত্র প্রদর্শনীর একটি ছবিতে অযথার্থ ক্যাপশান ব্যবহার করেছে সংস্থাটি । ফরাসি বার্তা সংস্থাটি ইতিমধ্যে ক্যাপশানটি শুধরে দিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি গত বছর তিব্বতের ধর্মীয় নেতা দালাই লামার সঙ্গে সাক্ষাৎ করার পর চীনের সঙ্গে ফ্রান্সের সম্পর্কে অস্থিরতা শুরু হয়েছে। গত বছর তিব্বতে কয়েকদিন ধরে বৌদ্ধ ভিক্ষুদের শান্তিপূর্ণ বিক্ষোভ হওয়ার পর ১৪ মার্চ লাসায় ভয়াবহ দাঙ্গায় ১৯ জন নিহত হয়। এ ঘটনায় পুরো তিব্বতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নির্বাসিত তিব্বতি গ্র"পগুলোর দাবি অনুযায়ী চীনা কর্তৃপক্ষের ওই বিক্ষোভ দমন অভিযানে দুইশ'রও বেশি লোক নিহত হয়। তিব্বতিদের অধিকারের পক্ষে বিদেশি আন্দোলনকারীরা গতবছরের বিক্ষোভ ও নিহতদের স্মরণে নিউ ইয়র্কে একটি প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা নিয়েছে। কিন্তু তার আগেই চীনের সরকারি সিনহুয়া বার্তা সংস্থা তিব্বতে চীনাশাসনের পশ্চিমা সমালোচনাকারীদের কঠোর ভাষায় সমালোচনা করে বলেছে, এরা হচ্ছে 'পরোপকারীরা ভান করে অন্যের অনিষ্টকারী'। ইংরেজি ভাষায় মন্তব্য-প্রতিবেদনে সিনহুয়া বলে, "তারা গত বছরে লাসার দাঙ্গায় নিহতদের প্রতি শোক জানাতে আবারও মাথা নত করে দাঁড়াতে পারে, কিন্তু যে ব্যাপারে তারা কিছুই জানে না সে ক্ষেত্রে আঙুল ডোবানোর আগে তাদের দুবার ভাবা উচিত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৪৭ ঘ.